২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে প্রথম খেলার অপেক্ষায় মাসাকাদজা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার খেলতে নামলেই হ্যামিল্টন মাসাকাদজার দীর্ঘ অপেক্ষার অবসান হবে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন জিম্বাবুয়ের এই খেলোয়াড়। তো এমন প্রাপ্তির সামনে দাঁড়িয়ে কেমন লাগছে মাসাকাদজার?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৪ ওয়ানডে খেলা মাসাকাদজা অবশ্য আবেগটা চেপেই রাখছেন। একত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান জানান, চারিদিকে তার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা চললেও একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে তার নিজের ওপর দায়িত্ব অনেক এবং তা তিনি অনুভবও করছেন।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক শতক করেন মাসাকাদজা। প্রোটিয়াদের বিপক্ষেও তার কাছে জিম্বাবুয়ে সমর্থকদের বড় ইনিংসের চাওয়া। সেটা জেনেই মাসাকাদজা বলেন, “জানি, আমার কি করার দরকার হবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে ১১৭ রানের হার না মানা ইনিংস খেলার পথে ব্রেন্ডন টেইলরের সঙ্গে ১২৭ রানের জুটিও গড়েন মাসাকাদজা। প্রতিপক্ষের দেয়া ২৮০ রানের লক্ষ্যও ২৮ বল হাতে রেখে পূরণ করে জিম্বাবুয়ে। দুই বছর আগে হারারেতে পাকিস্তানকে হারানোর উদাহরণ টেনে মাসাকাদজা জানান, শ্রীলঙ্কার বিপক্ষেও তারা দেখিয়েছেন বড় রান চেজের সামর্থ্য তাদের আছে।

২০০১ সালে ওয়ানডে অভিষেকের পর ২০০৩ সালের বিশ্বকাপেই খেলতে পারতেন মাসাকাদজা, কিন্তু পড়াশোনার কারণে তা হয়নি। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের আগে ব্যাটে রান না থাকায় সুযোগ মেলেনি তার। এবার অবশ্য বিশ্বকাপের আগে রান খরায় পড়েনি তার ব্যাট।

দীর্ঘ সে অপেক্ষার অবসানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মাসাকাদজা। জিম্বাবুয়ের অধিনায়কের আশা, ক্রাইস্টচার্চে তারা আসার পর জিম্বাবুয়ের কিছু সমর্থক বাদ্য বাজিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছিল, বিশ্বকাপের বাকি সময়টাতেও তারা দলের পাশে থাকবেন।