২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারের ভুল, আইসিসির স্বীকার

ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে ‘ডেড’ বলে রানআউট দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল বলে স্বীকার করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 12:24 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২তম ওভারের পঞ্চম বলে প্রথমে জেমস টেইলরকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার আলিম দার। জস হ্যাজলউডের বলটিতে দেয়া আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউর আবেদন করেন টেইলর।

রিভিউ জেতেন টেইলর। তবে ওই একই বলে একটি সিঙ্গেল নিতে গিয়ে সময়মতো ক্রিজে পৌঁছাতে পারেননি অ্যান্ডরসন। গ্লেন ম্যাক্সওয়েল স্টাম্প ভেঙে দিয়েছিলেন। টেইলর এলবিডব্লিউ থেকে বাঁচলেও লেগ আম্পায়ার কুমার ধর্মসেনা অ্যান্ডারসনকে রানআউট দেন।

নিয়ম অনুযায়ী আম্পায়ার এলবিডব্লিউর জন্য আঙুল তোলার পরই বলটি ডেড হয়ে যাওয়ার কথা। আর এরপর রান বা রানআউট কোনোটিই হওয়ার কথা নয়।

আইসিসি পরে এক বিবৃতির মাধ্যমে আম্পায়ারের ভুলের বিষয়টি জানায়।

“ডিসিশন রিভিউ সিস্টেম প্লেয়িং কন্ডিশন্স বলে যে, ব্যাটসম্যানকে (জেমস টেইলর) এলবিডব্লিউ দেওয়ার পর বলটি ‘ডেড’ হয়ে যায়। কোনো রান বা আউট সম্ভব ছিল না”

আইসিসির প্লেয়িং কন্ট্রোল টিম ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং স্বীকার করে যে, ম্যাচটি ভুলভাবে শেষ হয়। আর একটি ভুলও হয়।

শনিবার অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি ১১১ রানে হারে ইংল্যান্ড। অ্যান্ডারসন আউট হয়ে যাওয়ায় ২ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পাননি টেইলর। ৯৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।