শ্রীনাথের কলাম: লড়াইটা দুই দলের ব্যাটিংয়ের
পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং- লড়াইয়ের ভেতর এই লড়াই মহারনের ফল গড়ে দেবে বিশ্বাস বেশিরভাগ বিশেষজ্ঞের। জাভাগাল শ্রীনাথ নেই সে দলে। দুই দলের ব্যাটিং-যুদ্ধকেই বরং তার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দ্বৈরথে ভারতকে এগিয়ে রাখছেন সাবেক এই পেসার।
এই রোববার পুরো ক্রিকেটবিশ্বের চোখ থাকবে অ্যাডিলেইড ওভালে। ভারত-পাকিস্তানের দ্বৈরথ বলে কথা! দুই দলে যারাই খেলুক কিংবা ফর্ম যার যেমনই থাক, এমন ম্যাচ হৃদপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দেয় সবসময়। বছরের পর বছর তো তাই হয়ে আসছে, ব্যতিক্রম হবে না রোববারেও।
ভারত-পাকিস্তানের খেলা দেখা নিয়ে আমার রয়েছে মধুর সব স্মৃতি। সামনের দ্বৈরথের আগে মন যেমন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ৩০ বছর পেছনে। ১৯৮৫ সালের অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেবার গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিলাম আমরা, এরপর ফাইনালে আরেকবার। ওই দুটো ম্যাচ ভালোভাবে গেঁথে আছে আমার মনে। ভারতীয় ক্রিকেটের প্রতি ওই আবেগ নিয়ে আমাদের প্রজম্ম বেড়ে উঠেছে। এরপর তো সেই আবেগের অংশীদারই হয়ে গেলাম।
ওই সময়ে সবার বাসায় তো টেলিভিশন ছিল না। প্রতিবেশী যাদের বাসায় আছে, শৈশবের দিনগুলোতে সাতসকালে তাদের দরজায় কড়া নাড়তেও দ্বিধা করতাম না। ভারত-পাকিস্তানের খেলা দেখতে হবে না! ম্যাচের প্রতিটি মুহূর্ত নিয়ে আলোচনা করতাম। ম্যাচের পরের কয়েক বিকেল-সন্ধ্যাতেও ওই খেলা নিয়ে ঝড় উঠত চায়ের কাপে। নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ওই অবস্থার এতটুকু পরিবর্তন হয়নি এখনো। অন্তত আমার জন্য তো নয়ই।
এই ম্যাচের রোমাঞ্চ ছড়াতে থাকে দিন কয়েক আগ থেকেই। স্কুল-কলেজ পড়ুয়া হিসেবে ব্যাপারটি ছিল যেমন, ক্রিকেটার হওয়ার পরও তাই। এখনো আমার ‘ডিএনএ’-এর মধ্যে রয়ে গেছে তা। সত্যি বলতে, এই রোববারের ম্যাচ নিয়ে আমার প্রস্তুতির শুরু তিন-চার দিন আগে থেকেই। খেলোয়াড় হিসেবে প্রস্তুতির মতো তো আর এটি না। মানসিকভাবে ধ্রুপদী এক দ্বৈরথ দেখার জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করে নেওয়া আর কী!
বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে পাঁচ ম্যাচই জিতেছে ভারত। অনেককে তাই বলাবলি করতে শুনছি ‘ল অব অ্যাভারেজ’-এ এবার পাকিস্তানই জিতবে। কে জানে, সেটি হবে কিনা! আমার বিশ্বাস শক্তির বিচারে এই মুহূর্তে ভারত কিছুটা হলেও এগিয়ে। তবে পাকিস্তানের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার ঝুঁকি নেওয়াটা কারো জন্য ঠিক হবে না। অতীত অন্তত সেটিই বলছে।
ভারতের ব্যাটসম্যানদের এই ম্যাচে জ্বলে ওঠার বিকল্প নেই। এখানে ব্যর্থতার নেই কোনো অবকাশ। এমন বড় ম্যাচে, বিশেষত পাকিস্তানের বিপক্ষে এই খেলায় শীর্ষ ছয় ব্যাটসম্যানের মধ্যে চারজনকে অন্তত রান করতে হবে। আর ভারত যদি বড় কিছুর জন্য বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকে, পাকিস্তানও সেক্ষেত্রে নির্ভর করবে উমর আকমলের উপর।
এই ম্যাচের প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ। নিজেদের লক্ষ্য নির্ধারণে তাই দলগুলোকে চৌকস হতে হবে। শুধু জয়ের লক্ষ্য করলেই চলবে না, সাত ঘণ্টার ম্যাচে ঘণ্টায় ঘণ্টায় খেলা কিভাবে এগোচ্ছে, সে অনুযায়ী লক্ষ্যের পরিবর্তন করে এগুতে হবে তাদের। তাহলেই সম্ভব জয়ের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো।
পাকিস্তানের ব্যাটিং লাইনের গভীরতা আনবে মিসবাহ ও উমর আকমল। আফ্রিদির বিস্ফোরক ব্যাটিং এবং দীর্ঘকায় মোহাম্মদ ইরফানের পেস বোলিংও নিঃসন্দেহে ভারতীয় টিম মিটিংয়ে আলোচনায় থাকবে। আমার মনে হয়, শেষ পর্যন্ত লড়াইটা হবে দুই দলের ব্যাটিংয়ের। ভারতের ব্যাটিংটা মনে হচ্ছে তুলনামূলক শক্তিশালী। এখন মাঠে নেমে সেটির প্রয়োগ দেখাতে হবে তাদের।
ভারত-পাকিস্তান ম্যাচের চাপ আরেকটি কাজও করে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি দেয় ভুলিয়ে। শেষ পর্যন্ত দুই দলে যারাই খেলুন, সবার জন্য ম্যাচটি হয়ে যায় জীবনমরণ লড়াই। যেখানে জয়টাই মুখ্য। প্রথম একাদশ, আবহাওয়ার অবস্থা, উইকেটের ধরণ- এগুলোর তেমন কোনো গুরুত্বই থাকে না আর। মাঠের ১১ জন কেমন পারফর্ম করল, সেটি মুখ্য। আর এই একটি ম্যাচে ভালো পারফর্ম করলে সমর্থকদের নয়নমণিতে পরিণত হতেও সময় লাগে না ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেটারদের। এত চাপের মধ্যে তুলনামূলক কম পরিচিত কেউ যদি দুর্দান্ত খেলতে পারে, সেটি তার ক্যারিয়ারের জন্য দারুণ ব্যাপার। অন্যদিকে তারকা ক্রিকেটাররা এগিয়ে যেতে পারেন আরো বড় অর্জনের পথে।
সেজন্য রোববারের ম্যাচে দুই দলের সব ক্রিকেটারের লক্ষ্যই থাকবে অভিন্ন- জয়, মধুর জয়।
- আইসিসির সৌজন্যে
