দোটানায় ম্যাথিউস
বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা একাদশে অলরাউন্ডার নাকি বিশেষজ্ঞ বোলারদের প্রাধান্য দেয়া হবে, তা নিয়ে দোটানায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে শ্রীলঙ্কা অধিনায়ক জানান, উইকেট, প্রতিপক্ষ-এ সব বিবেচনা করে চূড়ান্ত একাদশ সাজাবেন তিনি।
ক্রাইস্টচার্চে শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ আসরের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের মাঠ ছোট এবং বৃত্তের বাইরে চার ফিল্ডার রাখার নিয়মের কারণে এসব ম্যাচে মানসম্পন্ন বোলার খেলানোর পরামর্শ দেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরণ।
তবে ‘অবস্থা অনুযায়ী ব্যবস্থা’ নেয়ার পক্ষে শ্রীলঙ্কা অধিনায়ক, “আমরা আরো বেশি বিশেষজ্ঞ বোলার খেলানোর বিষয়টি আলোচনা করেছি। কিছু সময় ব্যাটিং-বোলিংয়ে গভীরতার প্রয়োজন হয় এবং সে কারণে আমরা অলরাউন্ডার খেলিয়েছি। উইকেট ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে আপনাকে কিছু সময় সাতজন ব্যাটসম্যান ও চার বিশেষজ্ঞ বোলার খেলাতে হবে; তো আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল শ্রীলঙ্কা। ম্যাথিউস ও থিসারা পেরেরা নিয়মিত পেস বোলিং করেছেন। তিলকারত্মে দিলশান ও জিবন মেন্ডিস প্রয়োজনের সময় স্পিন করেছেন। কিউইদের বিপক্ষের ওই সিরিজ ৪-২ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। তবে অলরাউন্ডার ও বিশেষজ্ঞ বোলার নিয়ে সিদ্ধান্তহীন থাকলেও বিশ্বকাপের সেরা একাদশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানান ম্যাথিউস।
উদ্বোধনী ম্যাচে দলের পেস আক্রমণভাগের সেরা যোদ্ধা লাসিথ মালিঙ্গাকে পাচ্ছে শ্রীলঙ্কা। মুত্তিয়া মুরালিধরণ ও অজন্তা মেন্ডিসের শূন্যতা পূরণে দলটি তাকিয়ে আছে রঙ্গনা হেরাথের দিকে। ম্যাথিউসের আশা পেসার-স্পিনাররা তাদের কাজটুকু করে দেবে।
“এখানে স্পিনারদের পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার মতো ভূমিকা রাখতে হবে এবং ফাস্ট বোলারদের আক্রমণের চেষ্টা করতে হবে।”
গত দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে শ্রীলঙ্কা। ২০১১ বিশ্বকাপে খেলা ১০জন ম্যাথিউসের দলে থাকায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ মিশনে যাওয়া শ্রীলঙ্কা দলটি বেশ অভিজ্ঞ এবং দলের ওপর আস্থা রাখছেন অধিনায়ক। তবে এখনই বিশ্বকাপের ফাইনালে ওঠার চাপ নিতে চাইছেন না তিনি।
“সেটা করার মতো জ্বালানি আমাদের আছে। আমাদেরকে কেবল একটা দল হয়ে খেলতে হবে। আমাদের একটা সুন্দর অভিজ্ঞ দল আছে এবং অতীতে কিভাবে আমরা ফাইনালে উঠেছি, সে বিষয়ে তাদের চিন্তাগুলো জানাবে কিন্তু আমরা এখনই অতদুর নিয়ে ভাবছি না।”
