পাকিস্তানের ৮ ক্রিকেটারের জরিমানা
দলের নিয়ম ভাঙায় শহিদ আফ্রিদিসহ আট খেলোয়াড়কে জরিমানা করেছে পাকিস্তান দলের কর্মকর্তারা।
প্রায় এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে সিডনিতে। এখানেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল সাবেক চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানায়, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে ফেরার পথে প্রায় ৪৫ মিনিট দেরি করেন খেলোয়াড়রা।
সংবাদ মাধ্যমগুলো জানায়, আট খেলোয়াদের প্রত্যেককে তিনশ’ অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা করা হয়। দলের মুখপাত্র এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গণমাধ্যমগুলো জানায়, এর পুনরাবৃত্তিতে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে ক্রিকেটারদের।
সিডনিতে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচই জেতে পাকিস্তান।
অ্যাডিলেইডে রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ওয়ানডের সেরা এই প্রতিযোগিতায় আগের পাঁচ দেখায় চির প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি তারা।
