২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের ফেভারিটের তালিকায় ভারত

ভারত ওয়ানডে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন হলেও দলটিতে চার বছর আগের সেই দাপট নেই। অনেকের কাছে তাই এবারের বিশ্বকাপের চূড়ান্ত ফেভারিটও নয় তারা। কিন্তু শচীন টেন্ডুলকারের বিশ্বাস, সব ধারণা মিথ্যে করে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছবে তার দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 11:35 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

সেক্ষেত্রে অবশ্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রধান ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ২০১১ সালে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক টেন্ডুলকার।

শুধু ভারতের সম্ভাবনা ঘিরেই নয়, অন্য ফেভারিটদের নিয়েও ভবিষ্যতবাণী করেন টেন্ডুলকার। তার মতে, একাদশ বিশ্বকাপের শেষ চারে আরও পৌঁছবে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার দেশটির একটি টিভি চ্যানেলকে টেন্ডুলকার এসব কথা বলেন।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার মনে করেন, ভারতকে শিরোপা ধরে রাখতে হলে দলের সবাইকে ঠিকই পারফর্ম করতে হবে, কিন্তু মুল ভূমিকা রাখবে অধিনায়ক ধোনির অভিজ্ঞতা।

“হ্যাঁ, আমি মনে করি ধোনিই আসল জন কারণ এই পর্যায়ে ১০ বছরের মতো তার লড়াই করার অভিজ্ঞতা আছে এবং সে শান্ত ও গঠনমূলক চিন্তা করে। এমনকি সর্বোচ্চ মঞ্চেও সে শান্ত ও সুস্থির, ঠিক যেমনটা আপনি একজন অধিনায়কের কাছ থেকে প্রত্যাশা করেন।”

ভারতের প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলিও এবারের আসরে জ্বলে উঠতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতক করা টেন্ডুলকার। কোহলির প্রশংসায় ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন টেন্ডুলকার বলেন, “আমার মতে, বিরাট মেধাবী ক্রিকেটার। তার সবচেয়ে বড় শক্তি হলো সে পরিস্থিতি, পিচ এবং কোথায় সে খেলতে যাচ্ছে তা খুব ভালোভাবে বুঝতে পারে। বিষয়গুলো সে খুব দ্রুত ধরতে পারে এবং কখন ও কিভাবে সে রান নেবে, সে বিষয়েও নিশ্চিত হয়।” অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের মাঝপথে ধোনি নেতৃত্ব ছেড়ে দেওয়ায় নির্বাচকেরা কোহলিকে অধিনায়ক হিসেবে বেছে নেয়। নেতৃত্ব কাঁধে নিয়ে টেস্ট সিরিজ মোটামুটি ভালোভাবেই শেষ করেন তিনি। ওই সময় তার ব্যাটে রানও ছিল, কিন্তু গত মাসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে পুরোপুরি ব্যর্থ হন তিনি। ওই সিরিজের চারটি এবং বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ, সবমিলে মোট ৬টি সীমিত ওভারের ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল ১৮। তাই খুব দ্রুত কোহলি ছন্দ ফিরে না পেলে টেন্ডুলকারের ধারণা ভুল প্রমাণিত হবে, যা ধোনি বাহিনীর শিরোপা ধরে রাখার লড়াইয়ে বিরুপ প্রভাব ফেলবে। আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযাবে নামবে ভারত।