নাচ-গান আর রংয়ে বিশ্বকাপের উঁকি
আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে তাসমান সাগরের দুই পারের দুটি শহর। গানের ছন্দে আর নাচের তালে চারদিকে ছড়িয়ে পরে আনন্দের একটা বার্তা। ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর দুই দিন আগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া আর নিউ জিল্যান্ডে উঁকি দিয়েছে বিশ্বকাপ।
ক্রাইস্টচার্চে অদ্ভুতসুন্দর এক আবেশ নিয়ে বৃহস্পতিবারের সোনালী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আলোর ছটা ছড়িয়ে পড়ে। শহরের প্রাণকেন্দ্র নর্থ হ্যাগলি ওভালে গান আর নাচ উপভোগ করতে উপস্থিত হয় প্রায় ১০ হাজার দর্শক।
সিডনি মায়ার মিউজিক বোলেও ক্রাইস্টচার্চের মতো সমপরিমাণ দর্শক ছিল। তাসমান সাগরের অপর পাশে অস্ট্রেলিয়ার উদ্বোধনী অনুষ্ঠানও গাথা ছিল একই রকম ইভেন্টের মালায়।
ক্রাইস্টচার্চের অনুষ্ঠানে দ্যুতি ছড়িয়েছেন বর্তমান ও অতীত ক্রিকেট তারকা, লর্ড অব দ্য রিংস সিনেমার পরিচালক পিটার জ্যাকসনসহ নিউ জিল্যান্ডের আরও অনেক সেলিব্রিটিরা।
