ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে নামবে পাকিস্তান
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই জেতায় ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে নামার প্রত্যাশা করছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।
ইংল্যান্ডের আগে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারায় পাকিস্তান। আগামী রোববার অ্যাডিলেইডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
ভারতের বিপক্ষে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।
“আমাদের গতির দরকার ছিল। সাম্প্রতিক অতীতে আমরা সত্যিকার অর্থে ভালো ক্রিকেট খেলিনি। তাই শেষ দুটি ম্যাচ থেকে পাওয়া গতি আর আত্মবিশ্বাস অবশ্যই সাহায্য করবে।”
বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখনো কোনো জয় নেই পাকিস্তানের। এটা চিন্তা করেই হয়ত ওয়াকার বলেন, “ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ, তাই আমরা এটা সহজভাবে নিচ্ছি না। আমরা এটা নিশ্চিত করতে যাচ্ছি, ইতিবাচক মনোভাব নিয়ে ওই সকালে আমরা জেগে উঠব এবং এবার জয়ের কথা ভাবব।”
“সঠিক সমন্বয়টা পাওয়া কঠিন, আপনি সাতজন ব্যাটসম্যান চাইবেন, কখনো আবার ৫ জন বোলার চাইবেন।”
পাকিস্তান দলে ভালো একজন ফাস্ট বোলার অলরাউন্ডারের অভাব আছে বলেও জানান ওয়াকার। তবে শহীদ আফ্রিদির মতো একজনকে পেয়ে আবার খুশি তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের ফিল্ডিং খুব একটা ভালো হয়নি। এটা ভাবিয়ে তুলেছে দলটির কোচকে। তবে তরুণ ফাস্ট বোলার এহসান আদিল ও সোহেল খানের বোলিং পাকিস্তানের সমর্থকদের আশাবাদী করে তুলতে পারে।
