ভারত-পাকিস্তান, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টিকেট শেষ
বিশ্বকাপের দুই আয়োজকের ম্যাচের চেয়েও ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেশি থাকবে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। গ্রুপ পর্যায়ের ওই ম্যাচের মতো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টিকেটও শেষ বলে জানিয়েছেন তিনি।
অ্যাডিলেইড ওভালে আগামী রোববার মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পুরোনো এই দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ সবসময় উঁচুতে থাকে।
সাদারল্যান্ডও জানান, ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক এবারের বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি দেখবেন। ছয় থেকে বারো মাস আগে এই ম্যাচের টিকেট ছাড়ার পর ২০ মিনিটের মধ্যে সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। এরপর আরও টিকেট ছাড়ার পর সেগুলোও মুহূর্তেই বিক্রি হয়ে যায়।
“অ্যাডিলেইডের গ্যালারি পুরোপুরি ভরে যাবে। কোটি দর্শক এ ম্যাচটি টেলিভিশনে দেখবে এবং আমরা বুঝতে পেরেছি, এ দর্শকের ৮০ শতাংশই দক্ষিণ অস্ট্রেলিয়ার বাইরের।”
বাংলাদেশ-আফগানিস্তানের ক্যানবেরার ম্যাচটি নিয়েও দর্শকের দারুণ আগ্রহ থাকার কথা জানান সান্দারল্যান্ড, “ক্যানবেরায় আফগানিস্তানের ম্যাচেরও সব টিকেট বিক্রি হয়ে গেছে।
আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
সাদারল্যান্ড জানান, একাদশ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া খেলছে না, এমন ম্যাচেও দর্শকের অনেক আগ্রহ আছে।
