২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না ক্লার্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করার পরও বিশ্বকাপের উদ্বোধনী দিনে খেলা হচ্ছে না মাইকেল ক্লার্কের। চোটগ্রস্ত অধিনায়ককে নিয়ে অস্ট্রেলিয়া কোনো ঝুঁকি নিতে চায় না বলেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন কোচ ড্যারেন লেম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:01 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

ক্লার্কের ফেরাটা 'দারুণ সাফল্য'

গত বুধবার মেলবোর্নে আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রান করে ফেরেন ক্লার্ক। আমিরাতকে ১৮৮ রানে ম্যাচটি হারায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে দুই ওভার বলও করেন ক্লার্ক। আমিরাতের ইনিংসে পুরো সময় ফিল্ডিং করেন তিনি। ম্যাচ শেষে ক্লার্কের সঙ্গে ব্যাট করা অ্যারন ফিঞ্চ জানান, অধিনায়ক ফিটনেস পরীক্ষা ভালোভাবে উতরে গেছে বলেই মনে হয়েছে তার।

লেম্যানও মনে করেন ক্লার্ক ভালো অবস্থায়ই আছেন।

"সে স্বস্তিতে ব্যাটিং করছে, সুতরাং এটা আমাদের জন্য ভালো দিক।"

সবকিছু ঠিকঠাক আছে মনে হলেও অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট তাদের আগের সিদ্ধান্তেই অটল আছে বলে জানান লেম্যান।

"সে খেলার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে; সে যখন ফিরবে, তখন তৈরি থাকবে এবং সে আগামী সপ্তাহের শনিবার ফিরবে।"

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। দল ঘোষণার পর থেকেই অস্ট্রেলিয়া বলে আসছিল, ক্লার্ক ফিরলে এই ম্যাচ দিয়েই ফিরবেন।

উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে।

ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিই অস্ট্রেলিয়ার হয়ে ক্লার্কের সত্যিকার অর্থে ফেরা। এর আগে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেন তিনি।