২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের ফেরাটা 'দারুণ সাফল্য'

বিশ্বকাপের আগে মাইকেল ক্লার্কের ক্রিকেটে ফেরাকে 'বড় এক সাফল্য' বলে মনে করেন অ্যারন ফিঞ্চ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সময় ক্লার্ককে হ্যামস্ট্রিংয়ের চোট ভোগায়নি বলেই মনে হয়েছে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 07:49 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

বুধবার মেলবোর্নে আমিরাতকে ১৮৮ রানে হারায় অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩০ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।

চোট কাটিয়ে এই ম্যাচে খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অ্যারন ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন তিনি। অর্ধশতক করে ফিঞ্চের (৬১) বিদায়ে ভাঙে তাদের ১২৩ রানের জুটি।

এরপর বেশিক্ষণ টিকেননি ক্লার্কও। ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রান করে ফেরেন তিনি। তবে ক্লার্ক খুব নির্বিঘ্নেই ব্যাট করেন বলে জানান ফিঞ্চ।

"আমরা দৌড়িয়ে চার রান নেই এবং এরপরই এক রান নেই। আমি বলেছি, এটা কাল প্রথম পাতার খবর হবে; এটা তোমার ফিটনেস পরীক্ষা। তাকে ভালো মনে হলো। ধীরে দৌড়ানো বা 'কুইক সিঙ্গেল' না নেয়ার মতো কোনো চাপে ছিলাম না আমি।"

ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিই অস্ট্রেলিয়ার হয়ে ক্লার্কের সত্যিকার অর্থে ফেরা। এর আগে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেন তিনি।

সবকিছু দেখেশুনে ফিঞ্চ বলেন, "আমি তার দিক থেকে ভেবেছি, এটি খুব বড় সাফল্য হবে। …আমি অন্য প্রান্তে দেখেছি সে সুন্দরভাবে খেলেছে, তার পা ঠিকভাবে নড়েছে, সে পরিষ্কারভাবে মেরেছে এবং ভালো দৌড়েছে।"

ক্লার্ক দুই ওভার বলও করেন। আমিরাতের ইনিংসের পুরোটা সময় মাঠেও ছিলেন তিনি। আমিরাত আউট হয়ে যাওয়ার পর সবাই ড্রেসিংরুমে ফিরে গেলেও ক্লার্ক মাঠেই থাকেন। ফিল্ডিং অনুশীলন করেন তিনি। বিশ্বকাপে খেলতে নিজের চরম ইচ্ছার প্রকাশ এখানে করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।