কারা ম্যাচ পাতায় ধারণা আছে আইসিসির
ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের বিষয়ে আগের চেয়ে ভালো ধারণা রাখার দাবি করেছে আইসিসি। এই দুর্নীতি যাতে বিশ্বকাপে প্রভাব না ফেলে, এর জন্য নিজেদের সামর্থ্যের মধ্যে সবকিছু করার কথা জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রধান।
বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা বুধবার দেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ রিচার্ডসন।
সাম্প্রতিক বছরগুলোতে ম্যাচ পাতানোর ঘটনাগুলোতে খেলাটি ক্ষতিগ্রস্ত হয়। রিচার্ডসন অবশ্য বলেন, বিশ্বকাপে এর প্রভাব পড়তে না দেওয়া নিশ্চিত করতে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) স্থানীয় কর্তাব্যক্তিদের সঙ্গে কাজ করে এসেছে।
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের বিশ্বকাপকে কলঙ্কমুক্ত রাখার প্রত্যয়ের কথা জানান আইসিসি প্রধান।
“আমার মনে হয়, এই টুর্নামেন্টে দুর্নীতি-বিরোধী ইউনিটের প্রস্তুতি পেছনের টুর্নামেন্টগুলোকে অনেক ছাড়িয়ে গেছে। কোন লোকগুলো বিশ্বময় ভ্রমণ করে এবং খেলোয়াড়, আম্পায়ার ও কিউরেটরদের বাজিকরদের পক্ষে কিছু সুবিধা নেয়ার জন্য প্রভাবিত করে- এ বিষয়ে তাদের অনেক ভালো ধারণা আছে।”
গত সপ্তাহে আকসুর প্রধান রনি ফ্ল্যানাগান দাবি করেন, এবার সমর্থকরা আত্মবিশ্বাস নিয়ে খেলা দেখতে পারবে যে, এটা দুর্নীতিমুক্ত।
এর আগে রিচার্ডসন জানিয়েছিলেন, আকসু প্রায় তিন বছর ধরে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করে আসছে। এবার তিনি জানান, দলগুলো আর কর্মকর্তাদের নিরাপত্তা এত বেশি থাকবে যে, ম্যাচ পাতিয়েদের তাদের কাছে যাওয়া খুব কঠিন হবে।
দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচার্ডসন বলেন, “আমি মনে করি, পাতানোর বিষয়ে অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছি আমরা। খেলোয়াড়দের কাছে আসাটা তাদের জন্য খুব কঠিন করে তুলেছি আমরা।”
গত এক বছরে খেলোয়াড়দের ম্যাচ পাতানো নিয়ে মনোভাবে অনেক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন রিচার্ডসন।
