মিসবাহর দৃঢ়তায় ইংল্যান্ডকে হারাল পাকিস্তান
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। মিসবাহ-উল-হকের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫০ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ৪৩ রানেই দলটির প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। ৭৮ রানে হারিস সোহেলের বিদায় তাদের বিপদ আরো বাড়ায়।
তবে এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর এতে সামনে থেকে নেতৃত্ব দেন মিসবাহ। চতুর্থ উইকেটে উমর আকমলের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন পাকিস্তানের অধিনায়ক।
স্টুয়ার্ট ব্রডের বলে আকমল জস বাটলারের গ্লাভসবন্দি হলে ভাঙে ২২.২ ওভার স্থায়ী জুটি। ৬৬ বলে ৬৫ রান করা আকমলের ইনিংস সাজানো তিনটি করে ছক্কা ও চারে।
শোয়েব মাকসুদের (১২ বলে ২০) ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসের জয়ের আরো কাছে চলে যায় পাকিস্তান। তার বিদায়ের পর শহিদ আফ্রিদিকে (অপরাজিত ৮) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন মিসবাহ।
৯১ রানে অপরাজিত থাকা মিসবাহর ৯৯ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।
এর আগে দ্বিতীয় ওভারেই মইন আলির বিদায়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তবে আলেক্স হেলসের (৩১) সঙ্গে ৬৪ ও জো রুটের সঙ্গে ৬৬ রানের দুটি জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন গ্যারি ব্যালান্স।
জোড়া আঘাতে ব্যালান্স (৫৭) ও ওয়েন মর্গ্যানকে (০) বিদায় করে পাকিস্তানকে খেলায় ফেরান ইয়াসির শাহ।
তবে রুট ও ক্রিস জর্ডানের দৃঢ়তায় আড়াইশ’ রানে পৌঁছায় ইংল্যান্ডের সংগ্রহ। সোহেল খানের শিকারে পরিণত হওয়ার আগে সর্বোচ্চ ৮৫ রান করেন রুট। তার ৮৯ বলের ইনিংসটিতে ৪টি চার ও ১টি ছক্কা রয়েছে। ৩১ রানে অপরাজিত থাকেন জর্ডান।
৪৫ রানে ৩ উইকেট নিয়ে লেগস্পিনার ইয়াসির পাকিস্তানের সেরা বোলার। পেসার সোহেল ২ উইকেট নেন ৪ রানে।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ইংল্যান্ড। আগামী শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারায় পাকিস্তান। আগামী রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে তারা।
