২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টের তোপে নিউ জিল্যান্ডের কাছে দ.আফ্রিকার হার

ট্রেন্ট বোল্টের মারাত্মক বোলিংয়ে বিশ্বকাপের ঠিক আগে আগে দারুণ জয় পেয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের অন্যতম ‘ফেভারিট’ দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 08:30 AM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩১ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ৪৪ ওভার ২ বলে ১৯৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বোল্টের তোপে মাত্র ৬২ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর তিন উইকেটই নেন বাঁহাতি পেসার বোল্ট।

সপ্তম উইকেটে ভার্নন ফিল্যান্ডারের সঙ্গে ১২১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন জেপি ডুমিনি। তাদের ২৬.৫ ওভার স্থায়ী জুটি ভাঙার কৃতিত্বও বোল্টের। তার বলে বোল্ড হওয়ার আগে ৮০ রান করেন ডুমিনি।

এরপর মিচেল ম্যাকগ্লেনাগান ফিল্যান্ডারকে ফিরিয়ে দিলে দুইশ’ রানও করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৫১ রানে ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার বোল্ট। দুটি করে উইকেট নেন ম্যাকক্লেনাগান ও ড্যানিয়েল ভেটরি।

এর আগে কেন উইলিয়ামসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের দুই অর্ধশতকে বড় সংগ্রহের ভিত পায় নিউ জিল্যান্ড। উইলিয়ামসনের ৬৬ ও ব্রেন্ডনের ৫৯ রানের দুটি আক্রমণাত্মক ইনিংসের সুবাদে এক সময়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮০ রান।

সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেয়ায় দারুণ অবদান রাখেন নাথান ম্যাককালাম (১৯ বলে অপরাজিত ৩৩), রস টেইলর (৪১)।

দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট, ফিল্যান্ডার ও ওয়েইন পার্নেল দুটি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির দাপটে পরিত্যক্ত হয়ে যায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা।

আগামী শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড। পরদিন জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।