২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে: কঠিন সময়ে প্রত্যাশাশূন্য বিশ্বকাপ?

আনন্দের উপলক্ষে জিম্বাবুয়ে বাসিন্দাদের মুখ থেকে প্রায়শ বেরিয়ে আসে বাক্যটি- ‘পার্টিয়িং লাইক ইটস ১৯৯৯’। অর্থাৎ ১৯৯৯৯ সালের মতো উৎসবে মেতে ওঠা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 12:16 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

সেটি যে কেবল ক্রিকেটের সঙ্গে সম্পর্কস্থাপনে বলা, তা না। সামগ্রিক অর্থে ওই সময়টায় তারা সুখে ছিল বলে জিম্বাবুইয়ানদের বিশ্বাস। আর সেই সুখের অন্যতম উপাদান হয়ে ক্রিকেটও তো ছিল!

জিম্বাবুয়ে তখন ক্রিকেটের উঠতি শক্তি। পরাশক্তিদের সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়ার মতো বারুদ তাদের ভেতর। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, মারে গুডউইনদের মতো ব্যাটসম্যান, হিথ স্ট্রিক, হেনরি ওলোঙ্গা, পল স্ট্র্যাংদের মতো বোলার, নিল জনসন, গাই হুইটালদের মতো অলরাউন্ডার- আর কী চাই! ইংল্যান্ডের সেই বিশ্বকাপ রীতিমতো ঝড় তোলে জিম্বাবুয়ে। স্বাগতিক ইংল্যান্ড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পিছু ফেলে উঠে যায় সুপার সিক্সে। অল্পের জন্য পারেনি সেমি-ফাইনালে নাম লেখাতে।

অথচ সেই জিম্বাবুয়ে ১৬ বছর পরের বিশ্বকাপে খেলতে যাচ্ছে প্রত্যাশাশূন্য অবস্থায়। আইসিসি সহযোগী দুটি দেশের বিপক্ষে ম্যাচগুলো জিতলে মুখরক্ষা- এই তাদের মনোভাব। ১৯৯৯ সালের সেই সুবর্ণ সময়ের পর কতটা পিছিয়েছে তাহলে জিম্বাবুয়ে!

দেশের রাজনৈতিক অস্থিরতার ঢেউ এসে লাগে জিম্বাবুয়ে ক্রিকেটে। ক্রিকেটের দৌড়ে দিন দিন কেবলই পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। সঙ্গে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দেনাপাওনা সংক্রান্ত ঝামেলা তো লেগেই আছে। বিশ্বকাপের আগে আগে তবু বাড়তি এক আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাচ্ছে তারা। মাসখানেক আগে দলটির নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ডেভ হোয়াটমোরের নাম। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলটির কোচ এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশের কোচ হিসেবে ২০০৭ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারানোতেও নেপথ্যে ভূমিকা পালন করেছেন। এই হোয়াটমোরের স্পর্শে যদি বিশ্বকাপে ঝলসে উঠতে পারে জিম্বাবুয়ে!

জিম্বাবুযের ক্রিকেটারদের যে বিশ্বমঞ্চ আলোকিত করার সামর্থ্য নেই, সেটি বলা যাবে না। ব্রেন্ডন টেলর আছেন, যার ব্যাট বড় উপলক্ষে বরাবর ঝলসে ওঠে। অধিনায়কত্বের বোঝা কাঁধ থেকে নেমে যাওয়ায় আরো নির্ভার হয়ে বিশ্বকাপে ব্যাটিং করতে পারবেন তিনি। সর্বশেষ দুটো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন টেলর, নামের পাশে আছে টুর্নামেন্টের দুটো হাফ সেঞ্চুরি। এমন অভিজ্ঞজনের ওপর টিম ম্যানেজম্যান্ট তো ভরসা করতেই পারে।

এলটন চিগুম্বুরা অমন আরেকজন। ২০১১ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি। মাঝে সে দায়িত্ব ছেড়ে দিলেও আগের বৈশ্বিক আসরের আগে আবার তার কাছে ফিরেছে নেতৃত্ব। অধিনায়কত্ব যদি অলরাউন্ডার চিগুম্বুরার সেরাটা বের করে আনতে পারে, সেটি হবে দলের বড় সম্পদ। প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে হ্যামিল্টন মাসাকাদজারও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখনো বিশ্বকাপে অভিষেক হয়তি তাঁর। ২০০৩ বিশ্বকাপে থাকতে পারেননি। বাজে ফর্মের কারণে বাদ পড়েন ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ স্কোয়াড থেকে। এবার আর তা হতে দেননি মাসাকাদজা। ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৪ সালের অক্টোবর- এই ১৪ মাসে ওয়ানডে তার পঞ্চাশোর্ধ ইনিংস পাঁচটি। গড় ৪০-এর কাছাকাছি। বিশ্বকাপে তাই অধিনায়কের বড় অস্ত্র হিসেবেই খেলবেন মাসাকাদজা।

বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলতে যাচ্ছে অধারাবাহিক ফর্ম সঙ্গী করে। গত বছরের জুলাইতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটো ওয়ানডে জয়ের পর হেরে যায় শেষ দুটি ম্যাচ। আগস্টে ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পরাশক্তি অস্ট্রেলিয়াকে পর্যন্ত হারিয়ে দেয় জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরে তারা এসেছিল তাই বড় আশা নিয়ে। কিন্তু দুই টেস্ট ও পাঁচ ওয়ানডের সবকটিতে হেরে যায় তারা। বিশ্বকাপে আবহে যে পরাজয়ের ধাক্কা জিম্বাবুয়ের আত্মবিশ্বাস নাড়িয়ে দেবে নিঃসন্দেহে।

সেই বিশ্বকাপে দুই আইসিসি সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট জিম্বাবুয়ে। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তা নয়। তবে তাদের বিপক্ষে ম্যাচে নামার আগে অতীতের গহবর থেকে অনুপ্রেরণা নিতে পারে দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম পদক্ষেপেই বিশ্বকে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু বিশ্বকাপে না, তাদের ওয়ানডে ইতিহাসেই ছিল প্রথম খেলা। তাতে অসিদের ১৩ রানে হারিয়ে দেয় আফ্রিকার দেশটি। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো কিংবা ১৯৯৯ আসরে সুপার সিক্সে উত্তরণের সেই স্বর্ণযুগ ইতিহাসের সাক্ষী।

ইতিহাসের সেই উজ্জীবনী মন্ত্রে দীক্ষিত হয়ে নতুন ইতিহাস কি লিখতে পারবে এবারের জিম্বাবুয়ে?

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), রেগিস চাকাভা, টেন্ডাই চাটারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টাফাজওয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাৎসিকেনেরি, সলোমন মায়ার, টাওয়ান্ডা মুপারিওয়া, টিনাশে পানিয়াঙ্গারা, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), প্রসপার উতসেয়া, শন উইলিয়ামস।

বিশ্বকাপ রেকর্ড:

১৯৮৩: গ্রুপ পর্ব

১৯৮৭: গ্রুপ পর্ব

১৯৯২: গ্রুপ পর্ব

১৯৯৬: গ্রুপ পর্ব

১৯৯৯: সুপার সিক্স

২০০৩: সুপার সিক্স

২০০৭: গ্রুপ পর্ব

২০১১: গ্রুপ পর্ব

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৫ ফেব্রুয়ারি

দক্ষিণ আফ্রিকা

হ্যামিল্টন

১৯ ফেব্রুয়ারি

সংযুক্ত আরব আমিরাত

নেলসন

২৪ ফেব্রুয়ারি

ওয়েস্ট ইন্ডিজ

ক্যানবেরা

১ মার্চ

পাকিস্তান

ব্রিসবেন

৭ মার্চ

আয়ারল্যান্ড

হোবার্ট

১৪ মার্চ

ভারত

অকল্যান্ড