২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের উত্তাপ অ্যাবটের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই বিশ্বকাপের উত্তাপ টের পাওয়ার কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাইল অ্যাবট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:06 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

তিলকারত্নে দিলশানের শতকেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দৃঢ়তায় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দুইবার বৃষ্টির কবলে পড়া ম্যাচটিতে শেষের দিকে বেশ উত্তাপ ছিল।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ২২৪ রান। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১১৬ রান। এই সময়ে আবার বৃষ্টি নামলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৮৮ রান। ২৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে জোড়া আঘাতে ডি কক (৬৬) ও আমলাকে (৪৬) আউট করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়েছিলেন রঙ্গনা হেরাথ।

ফাফ দু প্লেসি (১৯), জেপি ডুমিনি (১৭), রিলি রুশো (অপরাজিত ১৬), ভারনন ফিল্যান্ডাররদের (অপরাজিত ১৩) দৃঢ়তায় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই জয় পায়।

শেষ দিকে দক্ষিণ আফ্রিকার সাজঘরে বেশ হিসাব-নিকাশ শুরু হয়ে গিয়েছিল বলেই জানান অ্যাবট।

"আমরা উন্মুক্ত মন নিয়েই প্রস্তুতি ম্যাচ খেলতে নামি…কিন্তু যখনই ম্যাচটি কঠিন পর্যায়ে চলে যায়, চেঞ্জ রুমের বদলে যাওয়াটা অনুভব করাটা ছিল আশ্চর্যজনক। আমরা প্রত্যেকটা রান হিসাব করছিলাম।"

এরপর অ্যাবট বলেন, "প্রস্তুতি ম্যাচে কিছু প্রতিযোগিতামূলক ক্রিকেট পাওয়াটা দারুণ ছিল।…প্রতিটি রানের পেছনে খেলোয়াড়রা ছিল এবং আমরা অন্য যেকোনো ম্যাচের মতোই এটা জিততে চেয়েছি।"