সাদমানের শতকে স্বস্তিতে ঢাকা মেট্রো
প্রথম শ্রেণির ক্রিকেটে সাদমান ইসলামের প্রথম শতকে বরিশাল বিভাগের বিপক্ষে লড়ছে ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান। সাদমান ১১৮ ও আসিফ আহমেদ ৫ রানে ব্যাট করছেন।
সাদমানের ২৬৪ বলের ইনিংসটি ২২টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে তার সর্বোচ্চ ছিল ৯৮ রান।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী মারুফকে হারায় মেট্রো।
তবে শামসুর রহমানের সঙ্গে ৮৯, মার্শাল আইয়ুবের সঙ্গে ৯৫ ও মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ৪৬ রানের তিনটি জুটি গড়ে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন তরুণ সাদমান।
শামসুর ৪৭ ও অধিনায়ক মার্শাল ৫৬ রান করেন।
বরিশালের নাসুম আহমেদ ২ উইকেট নেন ৪১ রানে। একটি করে উইকেট নেন কামরুল ইসলাম ও আল-আমিন জুনিয়র।
