২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা

আইসিসির বোলিং নিষেধাজ্ঞা থেকে সাইদ আজমল মুক্তি পেলেও বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, এখনও তা নিশ্চিত নয়। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য দেশসেরা স্পিনারের বিশ্বকাপে খেলার যথেষ্ট সম্ভাবনা দেখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 06:54 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজমলের বোলিং অ্যাকশনের বৈধতা পাওয়ার বিষয়টি জানায়।

গত ডিসেম্বরে বিশ্বকাপের জন্য ঘোষণা করা পাকিস্তানের প্রাথমিক দলে ছিলেন আজমল। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত না থাকায় সরে দাঁড়িয়েছিলেন ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা এই বোলার।

আর এবার নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আজমলের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মিসবাহ নিজেও হয়তো আজমলকে পাওয়ার আশা খুব করে করছেন। কিন্তু লম্বা সময় ধরে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকাটাও অধিনায়ককে চিন্তায় ফেলে দিচ্ছে।

“প্রতিদিনই আজমল অনেক বল করছে। কিন্তু সমস্যা হলো (অনেক দিন ধরে) সে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে না। এটাই তার এবং টিম ম্যানেজমেন্টের জন্য মূল বিষয়। দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। এখানে অনেক যদি এবং কিন্তু আছে। ইতোমধ্যে দল ঘোষণা হয়ে গেছে এবং আমরা এখানে আছি।” বর্তমানে নিউ জিল্যান্ডে থাকা পাকিস্তানের বিশ্বকাপ দলে ইতোমধ্যে কয়েকটা পরিবর্তন হয়েছে। চোটের কারণে ছিটকে পড়েছেন দেশসেরা পেসার জুনায়েদ খান ও মোহাম্মদ হাফিজ। এই দুই জনের পরিবর্তে দলে ঢুকেছেন রাহাত আলি ও নাসির জামশেদ। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপ হবে ১৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান আগামী রোববার অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।