২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে হেরে ফিরতে চায় না দ. আফ্রিকা

বরাবরই বিশ্বকাপের সম্ভাব্য শিরোপা জয়ীর তালিকার শুরুতে থাকে দক্ষিণ আফ্রিকার নাম। তার খুব একটা সুবিচার করতে পারেনি তারা। এখনো ওয়ানডের সেরা প্রতিযোগিতার ফাইনালেই পৌঁছাতে পারেনি দলটি। তবে এবার শিরোপা খরা কাটাতে চান দলটির অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 10:43 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপের একাদশ আসর। এই প্রতিযোগিতায় অংশ নিতে সপ্তাহের শুরুতে দেশ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

দলকে বিদায় জানানোর সময় দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী ফিকিলে মবালুলা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেটারদের কেবল অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে বিশ্বকাপে যেতে এবং হেরে ফিরে আসতে দেখতে চায় না।

শনিবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানান, এ ধরণের প্রত্যাশা তারা বুঝতে পারছেন। এই ধরণের মন্তব্য দলের ওপর চাপ তৈরি করে। তবে এনিয়ে তারা মোটেও ভাবছেন না। তারা জিততেই এসেছেন এবার।

“আমাদের দেশ দক্ষিণ আফ্রিকা আমাদের ক্রীড়াবিদদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। ধরা হচ্ছে আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি।”

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার ছয় সঙ্গী হল ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। সেই থেকে বড় টুর্নামেন্টে চাপে ভেঙে পড়ায় ‘চোকার্স’ তকমা লেগেই আছে তাদের গায়ে। তবে এবার চাপ পেছনে ফেলে শিরোপা দেশে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান ডি ভিলিয়ার্স।

১৯৯৯ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার চোকার্স হয়ে উঠার শুরু। স্টিভ ওয়াহর ক্যাচ ঠিকভাবে নিয়ন্ত্রণে না নিয়েই উদযাপন শুরু করেন হার্শেল গিবস। তার ব্যর্থতায় বেঁচে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়াহ এবং অপরাজিত ১২০ রানে চমৎকার ইনিংস খেলে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।

২০০৩ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সেবার গ্রুপ পর্বের বাধাই পেরুতে পারেনি তারা।

অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। তবে এ নিয়ে এখনই বেশি ভাবতে রাজি নন দলটির অধিনায়ক।