২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারা ম্যাচে অস্ট্রেলিয়ার আঁচ পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- তা টের পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফি বিন মুর্তজার দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:26 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার অ্যালান বোর্ডার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে ২৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় এই ম্যাচে খেলেননি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তার জায়গায় এনামুল হকের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সৌম্য সরকার।

মাত্র ১১ রান করে এনামুলের বিদায়ের পর ক্রিজে আসেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। সৌম্যর সঙ্গে ৩০, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অর্ধশতকে পৌঁছানোর পর স্বেচ্ছায় অবসর নেন মুমিনুল। ৬৫ বলে খেলা তার ৫২ রানের ইনিংসটি গড়া ৩টি চার ও ১টি ছক্কায়।

৩৪তম ওভারের শেষ বলে মুমিনুল স্বেচ্ছায় মাঠ ছাড়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৫ রান। এরপর মাত্র ১১ ওভার ৪ বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। এই সময়ে ৬৬ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় তারা।

উইকেটে থিতু হয়ে ফিরে যান সাব্বির রহমান, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ব্যাটিং অনুশীলনের সুযোগ কাজে লাগাতে পারেননি নাসির হোসেন, মাশরাফিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ডেভিড মুডি ৩ উইকেট নেন ৩৫ রানে।

জবাবে ৪৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

১৯ রানে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন রুবেল হোসেন ও মাশরাফি। কিন্তু জিমি পিয়েরসন ও অ্যাশটন টার্নারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

পিয়েরসনকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করে ১৩১ রানের জুটি ভাঙেন রুবেল। ৭৬ বলে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন পিয়েরসন।

এরপর সাকিব উইলিস ও তাসকিন টার্নারকে ফিরিয়ে দিলে ম্যাচে ফিরে বাংলাদেশ। টার্নারও করেন ৭৮ রান। তার ৮৭ বলের ইনিংসটি ৪টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ।

১৭৫ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো স্বাগতিকদের সহজ জয় এনে দেন উইলিয়াম বসিসটো ও বেন ম্যাকডারমট। বসিসটো ৩১ ও ম্যাকডারমট ২৫ রানে অপরাজিত থাকেন।

৩২ রানে ২ উইকেট নেন বাংলাদেশে পেসার রুবেল। সাকিব, মাশরাফি ও তাসকিন একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.৪ ওভারে ২৩১ (সৌম্য ৩৩, এনামুল ১১, মুমিনুল ৫২, মাহমুদুল্লাহ ৪২, সাকিব ১৪, মুশফিক ১৯, সাব্বির ৩১, নাসির ৩, মাশরাফি ২, আরাফাত ১, রুবেল ০*; মুডি ৩/৩৫, কনওয়ে ২/৩৫, ডান গাটেন ১/২১, টার্নার ১/৩০, মুইরহেড ১/৫৩, গ্রেগরি ১/৫৫)

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৪৩.২ ওভারে ২৩২/৫ (পিয়েরসন ৭৮, মর্গান ১, লিন ৪, টার্নার ৭৮, উইলিস ১০, বসিসটো ৩১*, ম্যাকডারমট ২৫*; রুবেল ২/৩২, সাকিব ১/২৭, মাশরাফি ১/৩২, তাসকিন ১/৩৪)