উইলিয়ামসন-টেইলর ঝড়ে পাকিস্তানের হার
কেন উইলিয়ামসন ও রস টেইলরের অসাধারণ দুটি শতকে পাকিস্তানকে হারিয়েছে নিউ জিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের উড়িয়ে দিয়ে ১১৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে হেরে বড় একটা ধাক্কাই খেল পাকিস্তান। সিরিজটি শুরুর আগে নিউ জিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও হেরেছিল পাকিস্তান।
মঙ্গলবার নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৬৯ রান তোলে নিউ জিল্যান্ড। অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ইনিংসের উদ্বোধন করতে নেমে ৩১ রান করে ফিরে গেলে ৪৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা
দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও মার্টিন গাপটিল ১২৮ রান তুললে বড় সংগ্রহের দিকে যায় স্বাগতিকদের ইনিংস।
এরপর দুটি অর্ধশত রানের জুটি গড়েন টেইলর। উইলিয়ামসনের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিটি ৭৯ রানের। আর গ্র্যান্ট এলিয়টকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে তিনি তোলেন ৭২ রান।
ম্যাচ সেরা উইলিয়ামসন ১৪টি চার ও একটি ছয়ে ৮৮ বলে ১১২ রান করেন। আর টেইলর ৭০ বলে করেন অপরাজিত ১০২ রান। ইনিংসটি তিনি ১৩টি চার ও ২টি ছয় দিয়ে সাজান।
৫২ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ ইরফান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১১ রান তুলে আউট হন ৫৫ রান করা আহমেদ শেহজাদ।
উদ্বোধনী জুটি ছাড়া পাকিস্তানের আর কোনো জুটিই পঞ্চাশ পেরোয়নি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন হাফিজ। ৮৯ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছয়ে সাজান তিনি।
পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন অধিনায়ক মিসবাহ-উল হক। পাকিস্তান তাদের শেষ ৭টি উইকেট হারায় ৭৭ রানে। সব মিলে ৪৩.১ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
নিউ জিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন নাথান ম্যাককালাম, এলিয়ট, টিম সাউদি ও অ্যাডাম মিলনে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ৩৬৯/৫ (গাপটিল ৭৬, ব্রেন্ডন ম্যাককালাম ৩১, উইলিয়ামসন ১১২, টেইলর ১০২*, এলিয়ট ২৮, রনকি ০, নাথান ম্যাককালাম ৯*; ইরফান ২/৫২, শেহজাদ ১/২৯, আফ্রিদি ১/৫৭, আদিল ১/৬৮)।
পাকিস্তান: ৪৩.১ ওভারে ২৫০ (হাফিজ ৮৬, শেহজাদ ৫৫, ইউনুস ১১, মিসবাহ ৪৫, আফ্রিদি ১১, আকমল ৪, সোহেল ৬, সরফরাজ ১৩, ভাট্টি ৯, আদিল ১, ইরফান ০*; নাথান ম্যাককালাম ২/৩৩, এলিয়ট ২/৩৫, সাউদি ২/৫২, মিলনে ২/৫২, বোল্ট ১/৩৫, ভেটোরি ১/৪১)।
ফল: নিউ জিল্যান্ড ১১৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
