ভারতের সঙ্গে ১ টেস্টের বদলে ৩ ওয়ানডে খেলার প্রস্তাব
ভারতকে এক টেস্টের বদলে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “ভারত একটি টেস্ট ম্যাচ খেলতে আসবে। ভারতের সঙ্গে একটা টেস্ট খেলে কি লাভ হবে? তাই আমরা টেস্ট নাকি তিনটি ওয়ানডে হবে তা নিয়ে চিন্তা-ভাবনা করছি।”
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম আট দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তাই এই বছর ওয়ানডেকেই বেশি গুরুত্ব দিতে পারে তারা।
“ভারতের সঙ্গে তিনটা ওয়ানডে খেললে লাভ আমাদের জন্য। আমরা এটা নিয়ে আলোচনা করছি। ওদের এই প্রস্তাব দেব আমরা।”
গত বছরের ফেব্রুয়ারিতে নাজমুল হাসান জানান ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে বাংলাদেশ সফর করবে ভারত। আর ২০১৬ সালে প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।
“ভারতে গিয়ে আমরা টেস্টই খেলবো। আগামী বছর ইডেন গার্ডেন্সে টেস্ট খেলবো এটা মোটামুটি নিশ্চিত করেছি।
এর আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত।
চলতি বছর ভারত ছাড়াও পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে। এই তিন দেশই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বলে জানান বিসিবি প্রধান।
