১ টেস্ট খেলতে আসছে ভারত, পাকিস্তান ২টি
চলতি বছর বাংলাদেশ সফরে এসে পাকিস্তান দুটি ও ভারত একটি টেস্ট খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের জানান, এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপ শেষে প্রথম দল হিসেবে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ২০১১ সালের নভেম্বর-ডিসেম্বরে সর্বশেষ সফর করেছিল দলটি। সেবারও দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা।
এ পর্যন্ত দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এছাড়া ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল তারা।
জালাল জানান, জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ভারত। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা।
গত বছর বাংলাদেশ সফরে এসে কোনো টেস্ট খেলেনি ভারত; কেবল তিনটি ওয়ানডে খেলেছিল।
আগামী বছর একটি টেস্ট খেলতে ভারতে যাওয়ার ব্যাপারে দেশটির বোর্ডের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান জালাল।
অভিষেকের পর থেকে ১৪ বছরের বেশি সময় পরও ভারত সফরের সুযোগ হয়নি বাংলাদেশের। তবে অভিষেক টেস্টের এই প্রতিপক্ষ দেশটি চারবারের সফরে বাংলাদেশের বিপক্ষে সাতটি টেস্ট খেলে।
সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ৩০ জুন বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি-মার্চে। সেই সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে স্বাগতিকদের বিপক্ষে এখনো কোনো টি-টোয়েন্টি খেলেনি তারা।
সব মিলিয়ে দুই দল এ পর্যন্ত চারটি দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হয়, প্রতিবারই ছিল দুটি করে টেস্ট।
জালাল জানান, সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তারা কয়টি ম্যাচ খেলবে তা এখনও ঠিক হয়নি।
সর্বশেষ ২০১১ সালের বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।
টেস্ট খেলতে একবারই বাংলাদেশ আসে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের এপ্রিলে দুই ম্যাচের সিরিজ খেলে তারা। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষেই সবচেয়ে কম, মাত্র চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ।
