বাংলাদেশ সফরে ৩০ জুন আসছে দক্ষিণ আফ্রিকা
চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি। ৩০ জুন ঢাকায় পা রাখবে হাশিম আমলারা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সফরে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।
৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে দক্ষিণ আফ্রিকা।
৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি দু্টি। একই স্টেডিয়ামে ১০ ও ১২ জুলাই হবে প্রথম দু’টি ওয়ানডে।
১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সেখানেই ২১ জুলাই শুরু হবে প্রথম টেস্ট।
৩০ জুলাই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দিয়েই দক্ষিণ আফ্রিকার সফর শেষ হবে।
বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি-মার্চে। সেবার দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে খেলেছিল তারা। বাংলাদেশে স্বাগতিকদের বিপক্ষে এখনো কোনো টি-টোয়েন্টি খেলেনি তারা।
সব মিলিয়ে দুই দল এ পর্যন্ত চারটি দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হয়। প্রতিবারই টেস্ট সিরিজে ছিল দুটি করে ম্যাচ।
