বিশ্বকাপের আগে ওয়াটসনের চোট
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে চোট। ডেভিড ওয়ার্নারের পর এবার শেন ওয়াটসনও চোটে পড়েছেন। তবে তাদের বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই।
ওয়ার্নারের মতো ওয়াটসনের চোটও হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশিতে)। বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান ওয়াটসন। হোবার্টে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি খেলা হবে না এই অলরাউন্ডারের।
ওয়াটসনের অভাব পোষাতে আরেক অলরাউন্ডার মোইসেস হেনরিকসকে দলে ডাকেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। হেনরিকস অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ওয়ানডে খেলেন গত বছরের জানুয়ারি মাসে।
হোবার্টের ম্যাচে খেলতে পারবেন না ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলিও। ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড দুই ম্যাচের একটিতে জিতেছে। সিরিজের অপর দল ভারত তাদের প্রথম দুটি ম্যাচে হেরেছে।
