২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসনের শতকে শ্রীলঙ্কাকে হারাল নিউ জিল্যান্ড

একসঙ্গে জ্বলে উঠেছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ তিন ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা আর তিলকারত্নে দিলশান। তবে কেন উইলিয়ামসনের দারুণ শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 01:31 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

মঙ্গলবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সাত ওয়ানডের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয় পায় নিউ জিল্যান্ড; দ্বিতীয় ম্যাচে জেতে সফরকারীরা। আর তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন দিলশান, জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। তিনজনে মিলে করেন ২১৪ রান। এরপরও দলের স্কোরটা ৩০০ পেরোতে পারেনি বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায়।

ইনিংসের শুরুতে আর মাঝখানে নিউ জিল্যান্ডের বোলারদের ওপর ছড়ি ঘোরালেও শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৭৬ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা।

দলের ১১ রানে দিমুথ করুনারত্নের উইকেট হারালেও দলকে বিপদে পড়তে দেননি দিলশান ও সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন তারা। দ্রুতগতিতেই রান তোলেন এই দুই ব্যাটসম্যান। ১৫.৫ ওভারের জুটিতে ৬.৪৪ গড়ে রান তোলেন তারা।

৪টি চারে ৫৭ বলে ৪৪ রান করে দিলশান আউট হলে সাঙ্গাকারার সঙ্গে জুটি বাধেন জয়াবর্ধনে। তৃতীয় উইকেটে ৬৭ রান তুলে সাঙ্গাকারা আউট হন ব্যক্তিগত ৭৬ রান করে। ৮৩ বলের ইনিংসটি ৮টি চার ও একটি ছয়ে সাজান তিনি।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮২ বলে ৯৪ রান করেন জয়াবর্ধনে। ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও ৩টি ছয়ে।

এ ছাড়া শ্রীলঙ্কার আর কেউ বলার মতো তেমন রান করতে পারেননি।

৫৯ রান দিয়ে নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও মিচেল ম্যাকক্লেনাগান।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় নিউ জিল্যান্ড। এরপরও স্বাগতিকরা সহজেই লক্ষ্যে পৌঁছে উইলিয়ামসনের শতক আর শেষ দিকে গ্র্যান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন ও লুক রনকির তিনটি কার্যকরী ইনিংস।

চতুর্থ ও পঞ্চম উইকেটে দুটি অর্ধশতক রানের জুটিই মূলত জয়ের ভিত্তি গড়ে দেয় স্বাগতিকদের। চতুর্থ উইকেটে উইলিয়ামসন ও এলিয়ট মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর পঞ্চম উইকেটে অ্যান্ডারসনের সঙ্গে উইলিয়ামসনের জুটিটি ৭৯ রানের।

ম্যাচসেরা উইলিয়ামসন ৬টি চার ও একটি ছয়ে ১০৭ বলে করেন ১০৩ রান।
এলিয়ট, উইলিয়ামসন ও অ্যান্ডারসন আউট হয়ে যাওয়ার পর ড্যানিয়েল ভেটোরিকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন রনকি।
দুজনের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিই জয়ের বন্দরে পৌঁছে দেয় নিউ জিল্যান্ডকে। ১১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে ২৮০ রান তোলে তারা। একটি চার ও ৩টি ছয়ে ১৫ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন রনকি। আর ভেটোরি ৪ বলে করেন অপরাজিত ৭ রান।

সিরিজের পঞ্চম ওয়ানডে হবে ডানেডিনে আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২৭৬ (করুনারক্নে ৫, দিলশান ৪৪, সাঙ্গাকারা ৭৬, জয়াবর্ধনে ৯৪, ম্যাথিউস ০, থিরিমান্নে ১৯, পেরেরা ৫, মেন্ডিস ১২, কুলাসেকারা ৪, সেনানায়েকে ১*, হেরাথ ০; সাউদি ৩/৫৯, মিলনে ২/২৮, ম্যাকক্লেনাগান ২/৫৮, অ্যান্ডারসন ১/১৯, উইলিয়ামসন ১/৫০)।

নিউ জিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮০/৬ (গাপটিল ২০, ম্যাককালাম ১১, উইলিয়ামসন ১০৩, টেইলর ৮, এলিয়ট ৪৪, অ্যান্ডারসন ৪৭, রনকি ৩২*, ভেটোরি ৭*; ম্যাথিউস ১/১৬, হেরাথ ১/৩৯, মেন্ডিস ১/৪০, কুলাসেকারা ১/৫১, পেরেরা ১/৫৮)।

ফল: নিউ জিল্যান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)।

সিরিজ: ৭ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।