ওয়ানডেতেও বড় ইনিংসের লক্ষ্য মুমিনুলের
টেস্টে বড় ইনিংস খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন মুমিনুল হক। ওয়ানডেতে এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এই সংস্করণেও বড় ইনিংস খেলতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।
১২ টেস্টের ২৩ ইনিংসে চারটি শতক ও সাতটি অর্ধশতক রয়েছে মুমিনুলের। টেস্টে তার সর্বোচ্চ ১৮১ রান। আর ২৪ ওয়ানডে খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যানের ২২ ইনিংসে অর্ধশতক রয়েছে মাত্র তিনটি, সর্বোচ্চ ৬০ রান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে দলের প্রতিনিধি হয়ে আসেন মুমিনুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বড় ইনিংস খেলার লক্ষ্য অবশ্যই থাকবে। যা এখনো করতে পারিনি, তা করার একটা চেষ্টা আমার থাকবেই।”
মুমিনুল জানান, অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। ব্যাক ফুটে খেলা, পুল ও কাট শট নিয়ে প্রচুর কাজ করছেন ব্যাটসম্যানরা।
“উপমহাদেশের সব ব্যাটসম্যানেরই শুরুতে সেখানে সমস্যা হতে পারে। আমার বিশ্বাস, পরে সবাই মানিয়ে নিতে পারবে। আমরা যত দ্রুত সম্ভব মানিয়ে নেয়ার চেষ্টা করবো।”
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া মুমিনুল জানান, ওয়ানডের সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য ব্যক্তিগত কোনো লক্ষ্য ঠিক করেননি তিনি। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত এই বাঁহাতি ব্যাটসম্যান।
“তিন নম্বরে খেললে বড় ইনিংস খেলার চেষ্টা করবো। আর শেষের দিকে নামলে দ্রুত রান তোলার চেষ্টা করবো।”
