২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যার্ক, ফিঞ্চে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

বিফলে গেল রোহিত শর্মার অনবদ্য এক শতক। মিচেল স্ট্যার্কের ক্যারিয়ার সেরা বোলিং আর অ্যারন ফিঞ্চের অসাধারণ ব্যাটিংয়ে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের জয়টি ৪ উইকেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া।

রোববার রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। ৫১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ডেভিড ওয়ার্নার ২৪ রান করে আউট হয়ে গেলে।

ফিঞ্চ ৫টি চার ও দুটি ছয়ে ৯৬ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। তাকে যোগ্য সহায়তা করেন শেন ওয়াটসন ও স্টিভেন স্মিথ। ওয়াটসন ৪১ রান করেন। আর স্মিথ আউট হন ৪৭ রান করে।

শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল ও ব্র্যাড হ্যাডিনের ছোট দুটি ইনিংসে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ২০ রান করেন। আর ১১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হ্যাডিন।

ভারতের পক্ষে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন উমেশ যাদব। ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আকশার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অসাধারণ এক শতকের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৭ রান করে ভারত। ৯টি চার ও ৪টি ছয়ে ১৩৯ বলে ১৩৮ রান করেন রোহিত।

সুরেশ রায়না ৬৩ বলে করেন ৫১ রান। তবে বাকি ব্যাটসম্যানদের কেউই আর ভালো ব্যাটিং করতে না পারায় বড় লক্ষ্য দিতে পারেনি ভারত।

অস্ট্রেলিয়া পক্ষে ৪৩ রানে ৬ উইকেট নেন স্ট্যার্ক। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই ফাস্ট বোলার। অভিষিক্ত গুরিন্দর সিং সান্ধু নেন একটি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভুত প্রথম ক্রিকেটার তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৬৭/৮ (রোহিত ১৩৮, ধাওয়ান ২, রাহানে ১২, কোহলি ৯, রায়না ৫১, ধোনি ১৯, প্যাটেল ০, অশ্বিন ১৪, ভুবনেশ্বর ০, স্যামি ২; স্ট্যার্ক ৬/৪৩, সান্ধু ১/৫৮, ফকনার ১/৬৩)।

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৬৯/৬ (ফিঞ্চ ৯৬, ওয়ার্নার ২৪, ওয়াটসন ৪১, স্মিথ ৪৭, ম্যাক্সওয়েল ২০, বেইলি ৫, হ্যাডিন ১৩*, ফকনার ৯*; যাদব ২/৫৫, ভুবেনশ্বর ১/৪৪, সামি ১/৪৪, প্যাটেল ১/৪৫, অশ্বিন ১/৫৪)।