'ফেভারিট' না হয়ে খুশি পাকিস্তান কোচ!
এবারের বিশ্বকাপে পাকিস্তানের ফেভারিটের তালিকায় না থাকাটা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন কোচ ওয়াকার ইউনুস।
নিজের সন্তুষ্টির কথা জানাতে ওয়াকার বলেন, “আমি খুশি যে আমরা ফেভারিট নই। সত্যিকার অর্থে ফেভারিট হওয়াটা অনেক বড় চাপ।”
নিজের কথায় যুক্তি হিসেবে গত বিশ্বকাপের স্মৃতিচারণ করেন ওয়াকার। ২০১১ সালের ওই আসরে পাকিস্তানকে ঘিরে খুব একটা প্রত্যাশা না থাকলেও সেমি-ফাইনাল খেলেছিল তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে বিদায় নেয়ার আগ পর্যন্ত নিজেদের দারুণ পারফরম্যান্সের কথাও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, “গতবারের মতো এবারও কিছু দল আছে যারা বাউন্সি উইকেটে খেলে, যেমন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এবং তারা আমাদের চেয়ে ফেভারিট। কিন্তু আমাদের দলের সামর্থ্য অনুযায়ী আমরা ভালো করতে পারব বলেই আশা করি।”
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
