২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারেতে যোগ দিলেন সাঙ্গাকারা

দুই বছরের জন্য ইংল্যান্ডের কাউন্টি দল সারেতে খেলবেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তবে টেস্ট ক্রিকেটে তিনি আর কতদিন খেলবেন, তার ওপর নির্ভর করছে ২০১৫ সালে ক্লাবটির হয়ে কতটা খেলতে পারবেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:22 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন সাঙ্গাকারা। শিগগিরই টেস্টকেও বিদায় বলার জোরালো আভাসও দিয়েছিলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। তবে এই বছরের বাকি সময়ে তার টেস্ট ক্যারিয়ারের শেষ একটা অধ্যায় যোগ হওয়ার সম্ভাবনা আছে। সাঙ্গাকারাকে পেয়ে দারুণ খুশি সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। “কুমার আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হওয়ায় আমরা উৎফুল্ল। তিনি বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। তার যে বিশেষ একটা চরিত্র আছে, আমাদের কাছেও সেটা ততটাই গুরুত্বপূর্ণ।” ২০১৪ সালটা ব্যাট হাতে সাঙ্গাকারার দারুণ কেটেছে; সব ধরণের ক্রিকেট মিলে এক বছরে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ রান করে রেকর্ড গড়েন তিনি। এই বছরও একইভাবে শুরু করেছেন; নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দ্বিশতক করেন তিনি।