২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ব্রেট লি

আন্তর্জাতিক অঙ্গন থেকে আগেই অবসর নিয়েছেন; এবার ক্রিকেটকেই বিদায় বলে দিচ্ছেন ব্রেট লি। এই বছরের অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ শেষে ক্রিকেটের মাঠে বল হাতে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:15 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ৩৮ বছর বয়সী লি ঘরোয়া টি-টোয়েন্টি বিশেষষজ্ঞ হয়ে ওঠেন। বিগ ব্যাশ ছাড়াও তিনি ভারতের আইপিএল আর নিউ জিল্যান্ডের এইচআরভি কাপে খেলেন।

দেশের বাইরের টি-টোয়েন্টিতে অবশ্য সবশেষে ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন লি।

এবারের বিগ ব্যাশে এখন পর্যন্ত ২২.২২ গড়ে ৯ উইকেট নিয়েছেন লি। সিডনি সিক্সার্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই।

সিডনি সিক্সার্সের কোচের সঙ্গে আলোচনা করেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লি।

“এই মৌসুমটা শুরুর আগেই আমি জানতাম যে, এটা আমার শেষ মৌসুম হতে যাচ্ছে। আমি কোচ ট্রেভর বেলিসের সঙ্গে দেখা করেছি। আমি আরো দুই বা তিন বছর খেলব কিনা- তা নিয়ে আলোচনা হয়েছে। আমার খেলার সুযোগ ছিল; কিন্তু আমি তাকে সরাসরি বলে দিয়েছি, এটাকেই আমি শেষ বছর করতে চাই। এই বছরটা আমি উপভোগ করতে চাই।”

লির এই অবসরে যতি পড়বে তার ২০ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে। ১৯৯৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। ক্রিকেট থেকে যা পেয়েছেন, বিদায় বেলায় সেটাকে যথেষ্টই মনে হচ্ছে লির কাছে। “ক্রিকেট আমাকে অনেক দারুণ স্মৃতি দিয়েছে। এটা আমাকে অনেক দারুণ সুযোগও দিয়েছে। আমি যথেষ্ট ভাগ্যবান যে, ২০ বছর খেলতে পেরেছি।...শীর্ষ পর্যায়ে দুই দশক খেলতে পারাটা সত্যিই আনন্দের।” ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী টি-টোয়েন্টি ম্যাচেও খেলেন সাবেক এই ফাস্ট বোলার। সেই ম্যাচসহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচ খেলে ২৮ উইকেট নেন। সবমিলিয়ে ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩০.২৭ গড়ে ১০৫ উইকেট নেন লি। সিডনি সিক্সার্সের লিগ পর্বের ম্যাচ লির আর একটিই আছে। আগামী বৃহস্পতিবার সিডনি থান্ডারের বিপক্ষে খেলবে তারা। তবে সেমি-ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা আছে তাদের।