৬৩ রানে অলআউট আফগানিস্তান
স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। জস ডেভির অলরাউন্ড নৈপুণ্যে ১৫০ রানে জিতেছে স্কটল্যান্ড।
বিশ্বকাপে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তান ও ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বুধবার দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান করে স্কটল্যান্ড।
সর্বোচ্চ ৬২ রান করেন রিচি ব্যারিংটন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন ডেভি।
মাত্র ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়া স্কটল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কৃতিত্ব বেরিংটন ও ডেভির।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার আফতাব আলম।
জবাবে ডেভি ও ইয়ান ওয়ার্ডলয়ের মারাত্মক বোলিংয়ে ১৮ ওভার ৩ বলে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
জাভেদ আহমেদি (২১) ও উসমান গনি (২৫) দলকে ভালো সূচনা এনে দেন। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩৮/০। এরপর মাত্র ২৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বাইরে শুধু সামিউল্লাহ সেনওয়ারি (১০) দুই অঙ্কে পৌঁছান।
স্কটল্যান্ডের ডেভি ৬ উইকেট নেন ২৮ রানে। ওয়ার্ডল ২২ রানে নেন ৪ উইকেট।
