২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচ অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতির: অ্যান্ডি বিকেল

২০০৩ বিশ্বকাপটা অসাধারণই কেটেছিল অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ডি বিকেলের। তিন ইনিংসে ১১৭ রান করার পাশাপাশি আট ম্যাচে ১৬ উইকেট পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তার সাত উইকেট শিকারের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিল। এবার উত্তরসূরিরা ট্রফি ফেরাতে পারবে বলে আশাবাদী বিকেল। টপ অর্ডার থেকে প্রচুর রান আসা এবং ঘরের মাঠে খেলার চাপ সামলানোই অস্ট্রেলিয়ার চূড়ান্ত সাফল্যের নিয়ামক হবে বলে মনে করছেন সাবেক এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:03 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া কয়েকজন হতাশ হতে পারে। তবে যারা সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেকেই কিন্তু অর্জন করে নিয়েছে তা।

অন্যান্য বিশ্বকাপের মতো এবারও পুলপর্বে অস্ট্রেলিয়ার খুব কঠিন ম্যাচ খুব বেশি নেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো হয়তো ওই ব্র্যাকেটবন্দী। আর বাংলাদেশ, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে তাদের জেতা উচিত স্বচ্ছন্দে। এই ত্রয়ীর বিপক্ষে ফর্মে এসে বড় তিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের জন্য অস্ট্রেলিয়ানরা নিজেদের প্রস্তুত করবে বলে আমার আশা।

আসন্ন বিশ্বকাপে শক্ত উইকেট ও দুই প্রান্তে দুটো নতুন সাদা বলের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। এ কারণে ফাস্ট বোলারদের সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যানদের লড়াই ম্যাচের ফল নির্ধারণে অনেকটা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

হ্যাঁ, অস্ট্রেলিয়া তো অবশ্যই বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে। তবে সেজন্য টপ অর্ডার থেকে প্রচুর রান আসতে হবে। নিজেদের মাটিতে খেলা হওয়ায় ক্রিকেটারদের উপর বাড়তি চাপ থাকবে। দেখা যাক, ছেলেরা তা সামলায় কিভাবে!

বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে নির্বাচকরা যে অস্ট্রেলিয়ান দল ঘোষণা করেছেন, সেটি আমার কাছে সব দিক দিয়েই পরিপূর্ণ মনে হয়। স্কোয়াডের ১৫ জনের প্রত্যেকের উপর আলাদা করে আলো ফেলা যাক।

১. মাইকেল ক্লার্ক: খুব করে আশা করছি, যেন বিশ্বকাপের আগেই ওর ইনজুরি সেরে যায় এবং এটি যেন দলের মনোযোগ না নাড়িয়ে দেয়। মাইকেল ক্লার্ক ব্যাটিং অর্ডারে কোথায় নামবে, সেটি নিয়ে কৌতুহল আছে। আমি ওকে তিন নম্বরে দেখতে চাই। যদিও নিশ্চিত নই, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ওই পজিশনে নেমে ব্যাটিংয়ের চাপ নেওয়ার ক্ষমতা ক্লার্কের শরীরের রয়েছে কিনা।

২. ডেভিড ওয়ার্নার: নির্দয়ভাবে বল পেটানোর বিস্ময়কর এক প্রতিভা। প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দিতে যার জুড়ি নেই। যদি ওর ম্যাচ-জেতানো ইনিংসগুলো খেলতে শুরু করে আর টেনে নিতে পারে তা টুর্নামেন্টের শেষ দিকে- তাহলে একাই বিশ্বকাপ জেতানোর সামর্থ্য আছে ডেভিড ওয়ার্নারের।

৩. অ্যারন ফিঞ্চ: ওপেনার হিসেবে ওয়ার্নারের সঙ্গে অ্যারন ফিঞ্চের জুটি আমাকে মনে করিয়ে দিচ্ছে ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্টকে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম কারণ এই জুটি। তাদের একজন সবসময়ই বড় স্কোর গড়ে দলের ইনিংসটাও করে তোলে অনেক বড়।

৪. স্টিভ স্মিথ: ব্যাট হাতে বিস্ময়কর সময় কাটাচ্ছে স্টিভ স্মিথ। দায়িত্ব নেওয়ার কথা আমরা বলি; দেখুন কী দুর্দান্তভাবে তা পালন করে যাচ্ছে ও! ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে চার নম্বরে অসাধারণ খেলার পর বিশ্বকাপেও ওকে চার নম্বরে পাঠাব আমি।

৫. জর্জ বেইলি: ওর নেতৃত্বগুণ দুর্দান্ত; ব্যাটিংটাও। ইনিংসের শেষ দিকে নিঃস্বার্থের মতো যেভাবে নিজের আগে দলের কথা ভেবে ব্যাটিং করে জর্জ বেইলি- সেটি কিন্তু আমার নজর এড়ায়নি। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে মূল টুর্নামেন্টের জন্য নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ও।

৬. শেন ওয়াটসন: বিশ্বকাপে ওর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে অস্ট্রেলিয়ার। বিস্ফোরক এই ব্যাটসম্যানের সামর্থ্য আছে বড় বড় ইনিংস খেলার। কোচিং স্টাফের এখন শেন ওয়াটসনের জন্য ব্যাটিং অর্ডারের ঠিক জায়গাটা খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে ভালো বোলিং করা এই পেসার দরকার হলে নতুন বলও হাতে তুলে নিতে পারে।

৭. গ্লেন ম্যাক্সওয়েল: গত ১২ মাসে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছে গ্লেন ম্যাক্সওয়েল। তবে অধারাবাহিকতার কারণে কোচিং স্টাফও ওকে নিয়ে হতাশ কিছুটা। মাঝের ওভারগুলোয় সব ধরনের শট খেলার সামর্থ্য আছে ছেলেটির, ঠিক সময়ে ঠিক শট খেলাই কেবল ওর প্রয়োজন। আর ম্যাক্সওয়েলের বোলিং তো প্রতি ম্যাচেই উন্নতি হচ্ছে, ফিল্ডিংও।

৮. মিচেল মার্শ : রোমাঞ্চকর প্রতিভা। মিচেল মার্শের ব্যাটিংটাই আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিডল অর্ডারে এমন একজন যায় খুব ভালোভাবে। গত বছরজুড়েই ওর বোলিংয়েরও উন্নতি হয়েছে। বলে সুইং করানোর ক্ষমতা আছে মিচেল মার্শের।

৯. ব্রাড হ্যাডিন: দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট-জ্ঞান দিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের পথে দারুণ সহায়ক ভূমিকা রাখতে পারে ব্রাড হ্যাডিন। ইনিংসের শেষ দিকে ওর পাওয়ার-হিটিংও দলের জন্য খুব মূল্যবান।

১০. মিচেল জনসন: লাল বলে যতটা বিধ্বংসী, সাদা বলের ততটা না মিচেল জনসন। তারপরও বোলিং বিভাগের নেতা ও। অভিজ্ঞতার কারণে হয়ে উঠতে পারে অধিনায়কের তুরুপের তাস।

১১. মিচেল স্টার্ক: এত কম বয়স কিন্তু কী অসাধারণ বোলার! একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য আছে মিচেল স্টার্কের। দুর্দান্ত ফিল্ডার, ইনিংসের শেষ দিকে ঝটপট কিছু রানও এনে দিতে পারে দলকে।

১২. জশ হ্যাজেলউড: নির্ভর করার মতো আরেকজন। বিশ্বকাপের আগে আরো কিছু ম্যাচ খেলতে হয়তো ওর জন্য ভালো হত। তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিশ্চয়ই আত্মবিশ্বাস নিচ্ছে জশ হ্যাজেলউড।

১৩. প্যাট কামিন্স: চোট কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরছে প্যাট কামিন্স। ফিরছে ওর গতি আর আত্মবিশ্বাসও। আমি বিশ্বাস করি, এমন প্রতিভাবান একজনের বিশ্বকাপের স্কোয়াডে থাকার যোগ্যতা রয়েছে অবশ্যই। ভালো করতে থাকলে কামিন্সকে একাদশে খেলানো উচিত।

১৪. জেমস ফকনার: ‘ফিনিশার’ হিসেবে ওর সুনাম ছড়িয়ে পড়ছে দ্রুত। স্লগ ওভারে বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ জেতাতে পারে জেমস ফকনার। নিজের উইকেটের মূল্যটা বোঝার পর ওর ব্যাটিং কার্যকর হয়েছে আরো। আর বল হাতে সবসময় কঠিন ওভারগুলোয় বোলিং করে ফকনার। ও আসলে অধিনায়কের স্বপ্নের মতো একজন, কেননা সবসময়ই ও চায় বোলিং করতে।

১৫. জাভিয়ের ডোহার্টি: ও হচ্ছে ‘মিস্টার রিলায়েবল’। অধিনায়ক জানে, জাভিয়ের ডোহার্টির কাছ থেকে কী পাওয়া যাবে। ফ্ল্যাট উইকেটে রান আটকে রাখতে পারে ও। বিশ্বকাপের উইকেটে বল খুব বেশি ঘুরবে বলে মনে হয় না। অস্ট্রেলিয়ান স্কোয়াডে অফ স্পিনার ও বাঁহাতি স্পিনার থাকায় সেটি ভারসামস্যপূর্ণ।

- আইসিসির সৌজন্যে