শর্ট বলে দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টায় সৌম্য
শর্ট বলে দুর্বলতা কাটিয়ে উঠতে মরিয়া সৌম্য সরকার। বোলিং মেশিনের সাহায্য তো নিচ্ছেনই, টেনিস ও প্লাস্টিক বলেও অনুশীলন করছেন এই তরুণ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের বিরতিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন সৌম্য ও এনামুল হক।
একমাত্র ওয়ানডেতে শর্ট বলেই আউট হয়েছিলেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে গত ১ ডিসেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডেতে টেন্ডাই চাটারার বলে ফাইন লেগে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। নিজের প্রথম ওয়ানডে ইনিংসে ১৮ বলে ২০ রান করেন সৌম্য।
সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, “শর্ট বল নিয়ে আমি এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছি। আগামী দিনগুলোতেও এই অনুশীলন করার চেষ্টা করবো। (শর্ট বলে দুর্বলতা কাটাতে) অনুশীলনের কোনো বিকল্প নেই। আমাকে অনুশীলনের মাধ্যমেই কাটিয়ে উঠতে হবে।”
সৌম্য জানান, টেনিস ও প্লাস্টিক বল ব্যবহার করেও শর্ট বল খেলার দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি।
২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সৌম্য। সেই অভিজ্ঞতা থেকে বলেন, “উইকেট একটু ভিন্ন হলেও ব্যাটিংয়ে তেমন কোনো পরিবর্তন আনতে হবে না।”
পেস-অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া সৌম্য কাজ করছেন তার মিডিয়াম পেস নিয়েও। তিনি জানান, বোলিং কোচ হিথ স্ট্রিক তাকে লাইন, লেন্থের দিকে বেশি মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
“আমার বলে বেশি পেস না থাকায়, তিনি ভালো জায়গায় বল করতে বলেছেন। এছাড়া ঠিক মত ‘স্লোয়ার’ দেয়ার কথাও বলেছেন তিনি।”
