কাট,পুলে উন্নতির লক্ষ্য এনামুলদের
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে রান পেতে কাট, পুল বেশি খেলতে হতে পারে ব্যাটসম্যানদের। তাই এই ধরণের শটে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের বিরতিতে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বলেন, “কাট ও পুলে কিভাবে উন্নতি করা যায়, এ নিয়ে কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ধরণের শটে আরো উন্নতি করা নিয়ে কাজ হচ্ছে।”
বিশ্বকাপকে সামনে রেখে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলা হয় পেস সহায়ক উইকেটে। এনামুল মনে করেন, সুপার লিগের এই পাঁচ ম্যাচ খেলে তাদের কিছুটা প্রস্তুতি এরই মধ্যে হয়েছে।
“কতটুকু মানিয়ে নিতে পারলাম, খেলার পরিকল্পনা নিয়ে কতটুকু কাজ করতে পারলাম, তা বোঝার জন্য এই পাঁচ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন ভালো উইকেটে ব্যাটিং অনুশীলন করছি। অস্ট্রেলিয়ায় ১৪ দিনের আরেকটি ক্যাম্প হবে। আমার মনে হয় না, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে।”
২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন এনামুল। এই উদ্বোধনী ব্যাটসম্যান বিশ্বাস, সেই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা তার জন্য সহায়ক হবে।
“বেশ কয়েক জনের অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া সাকিব আল হাসান সেখানে বিগ ব্যাশ লিগে খেলছেন। এটা আমাদের দলের জন্য একটা ভালো দিক। ভালো প্রস্তুতি নেয়ার জন্য সহায়ক হয়েছে এটা। আমরা আগেই জানতে পারছি, কি হতে পারে বা আমাদের কিসের মুখোমুখি হতে হবে।”
২০১২ সালের সেই বিশ্বকাপে খেলা সৌম্য সরকার ও তাসকিন আহমেদও রয়েছে বাংলাদেশ দলে।
এনামুল জানান, অস্ট্রেলিয়ায় ভালো করতে নিজের ওপর আত্মবিশ্বাস থাকা জরুরি।
“নাকের ওপর দিয়ে সব বল যাবে, এমন হবে না। আমার মনে হয়, স্বাভাবিক বাউন্সই থাকবে। বিগ ব্যাশ আর অস্ট্রেলিয়া-ভারতের খেলায় আমরা তা-ই দেখেছি। নিজের ওপর আস্থা থাকলে আমরা সেখানে ভালা করতে পারবো।”
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে দুটি শতকসহ ৩৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল। ‘আসল’ বিশ্বকাপে তেমন কোনো লক্ষ্য ঠিক করেননি এই ব্যাটসম্যান।
“বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে বড় করে পরিচিত করা; বড় বড় স্কোর করা আর দলকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। সর্বোচ্চ রান করার কোনো লক্ষ্য এখনো ঠিক করিনি।”
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে এনামুল জানান, তিনি চেষ্টা করবেন যত বেশি সময় সম্ভব ক্রিজে থাকার।
“আমার উইকেটে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। উইকেটে থেকে আমি বড় ইনিংস খেলার চেষ্টা করবো।”
