বিশ্বকাপে স্পিনে সাফল্যের স্বপ্ন আরাফাত সানির
বাংলাদেশের স্পিনারদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে আরাফাত সানির। এই বাঁহাতি স্পিনার মনে করছেন, সঠিক জায়গায় বল করতে পারলে বিশ্বকাপে সাফল্য পাবেন তারা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আরাফাত বলেন, “অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। সঠিক জায়গায় বল করলে সেখানেও সাফল্য পাওয়া সম্ভব।”
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে খেলেন আরাফাত। এই তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বাঁহাতি স্পিনার জানান, সেই সিরিজের পর বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা শুরু করেন তিনি।
“এরপর আমাদের আর কোনো সিরিজ ছিল না। সেখানে পারফর্ম করায় তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেই পারি। বিশ্বকাপ স্বপ্নের মতোই। কিন্তু স্বপ্নের মধ্যে থাকলেই তো হবে না, এখান থেকে বের হয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে।”
১৫ জনের চূড়ান্ত দলে থেকে একটি স্বপ্ন পূরণ হয়েছে আরাফাতের। তবে বিশ্বকাপে খেলতে হলে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে লড়াই করতে হবে তাকে। তাইজুলের সঙ্গে এই লড়াই নিয়ে মোটেও ভাবছেন না আরাফাত। সুযোগ পেলে ভালো কিছু করার স্বপ্ন নিয়েই বিশ্বকাপ খেলতে যাবেন তিনি।
“বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এভাবে ভাবলে কেবল নিজেকেই চাপে ফেলা হবে। অন্য ম্যাচে যেভাবে পরিকল্পনা করি, বিশ্বকাপেও তাই করবো।”
মাত্র একটি ওয়ানডে খেলা তাইজুলের বোলিংয়ে মুগ্ধ আরাফাত। তার সঙ্গে নিজের বোলিংয়ের পার্থক্য টানতে গিয়ে বলেন, “তাইজুল ফ্লাইট দিয়ে বল টার্ন করায়। আমি উইকেট টু উইকেট বল করার চেষ্টা করি। আমি সব সময় রান কম দেয়ার চেষ্টা করি। এক প্রান্তে আমি যদি কম রান দেই, অন্য প্রান্তে উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়বে।”
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্রিসবেনে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবে বাংলাদেশ। তার জন্য ২৪ জানুয়ারি দেশ ছাড়বে তারা। আরাফাতের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় কিভাবে বল করতে হবে এই ক্যাম্প থেকে তারা সেই ধারণা পাবেন।
“সাকিব এখন অস্ট্রেলিয়ায় খেলছে, ও আমাদের সহায়তা করতে পারবে। প্রধান কোচ হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছেন। তার অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে। আমাদের এখানে বল একটু নিচু হয়, সেখানে হয়তো বাউন্স একটু বেশি থাকবে। এর বাইরে উইকেট প্রায় একই রকম হবে।”
আরাফাত মনে করেন শুধু আফগানিস্তান, স্কটল্যান্ড ম্যাচ নয় বিশ্বকাপের প্রতিটি ম্যাচই বড় চ্যালেঞ্জ হবে।
“আমরা র্যাঙ্কিংয়ে ওদের চেয়ে এগিয়ে আছি। সবাই আশা করবে, আমরা ভালো খেলে তাদের হারাব। তিন বিভাগে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।”
