২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুবেলের জামিন ক্রিকেটের জন্য সুখবর’

জামিন পেয়ে রুবেল হোসেনের ফেরা বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর বলে মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 08:52 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম বলেন, “রুবেলের জামিনে আমরা, বিশেষ করে আমি খুব খুশি। আমার মনে হয়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর।”

আকরাম মনে করেন, বিশ্বকাপ পর্যন্ত হয়তো রুবেলের আর কোনো উদ্বেগ থাকবে না। ওয়ানডের সেরা টুর্নামেন্টে সে শতভাগ দিয়েই খেলতে পারবে।

রুবেলের ফেরায় স্বস্তির কথা জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম বলেন, “আমরা সব সময় পেসারদের নিয়ে সমস্যায় থাকি। বেশিরভাগ পেসারের চোট থাকে। ফিট পেসারদের অন্যতম হল রুবেল। গত ৫/৬ বছর ওর পারফরম্যান্স খুব ভাল।”

গত বৃহস্পতিবার নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর মামলায় কারাগারে যান রুবেল। এরপর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২৪ জানুয়ারি বাংলাদেশ দলের সঙ্গে যেতে না পারলে রুবেলের বিকল্প নেয়া হবে।

রুবেল জামিন পাওয়ায় এই পেসারের টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই বলে মনে করেন আকরাম।

“আমাদের বোর্ড সভাপতি বলেছেন, জামিন পেয়ে গেলে রুবেলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশি থাকবে। এখন তো আর কোনো সমস্যা নেই। ওর খেলার সম্ভাবনাই বেশি।”

বিসিবি পরিচালক আকরামের বিশ্বাস, রুবেলের এই বাজে অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নেবে।

গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।

তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।

রুবেল ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে।

ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার কারাগারে গিয়ে রুবেলকে দেখে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান জানান, এই পেসার মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানান, রুবেল হোসেনকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তারা।

আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে ২৪ জানুয়ারি রওনা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।

রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হ্যাপী হাই কোর্টে একটি রিট আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

হ্যাপী নারী নির্যাতন আইনে মামলা করায় পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হ্যাপীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে, এমন কোনো আলামত চিকিৎসকরা পাননি।

এদিকে হ্যাপীর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদ পারভেজের আবেদনে গত ৩১ ডিসেম্বর ঢাকার একটি আদালত রুবেলের ডিএনএ পরীক্ষারও অনুমতি দিয়েছে।

২১ বছর বয়সী হ্যাপীর দাবি, ফেইসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছিলেন রুবেল। কিন্তু রুবেল অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর তাকে এড়িয়ে চলায় তিনি আইনের আশ্রয় নেন।