ব্রাভো-পোলার্ডকে ছাড়াই উইন্ডিজ বিশ্বকাপ দল
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে নেই ডোয়াইন ব্র্যাভো আর কাইরন পোলার্ড। তবে বিশ্বকাপ দিয়েই আবার দলে ফিরেছেন অফস্পিনার সুনিল নারাইন।
ব্রাভো-পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াটা অনেকের কাছেই বিস্ময় হয়ে এসেছে।
পাওনাদি নিয়ে বিতর্কের জের ধরে ভারত সফর শেষ না করে দেশে ফিরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে ছিলেন ব্রাভো। সিরিজের মাঝপথে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজে ভবিষ্যতের সব সফর বাতিল করে ভারত।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী জ্যাসন হোল্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে প্রথম নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
হোল্ডারকে সাহায্য করার জন্য তার সহকারী হিসেবে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।
ব্যক্তিগত সমস্যার কারণে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে বিশ্বকাপের দলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।
গোড়ালির গাটের চোট থাকার পরও ফাস্ট বোলার কেমার রোচকে দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পান তিনি।
দল নিয়ে সন্তুষ্টই ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক লয়েড তার দল নিয়ে বেশ আশাবাদীও।
“তারা যদি তাদের প্রতিভা অনুযায়ী খেলতে পারে, আমি নিশ্চিত যে আমরা ভালো করতে পারব।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “সত্যি এই দলের নিয়ে আমার উচ্চাশা আছে। আমি বিশ্বাস করি, তারা বিশেষ কিছু করতে পারে। আমাদের প্রতিভা আছে এবং আমরা আমাদের প্রতিভা অনুযায়ী খেলতে পারলে শিরোপা জয়েরও ভালো সম্ভাবনা আছে।”
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হবে এবারের বিশ্বকাপ।
১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), সুলিমান বেন, ড্যারেন ব্র্যাভো, জোনাথান কার্টার, শেলডন কট্রেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোম টেইলর।
