২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ককে বাংলাদেশ ম্যাচ পর্যন্ত সময় দিল অস্ট্রেলিয়া

মাইকেল ক্লার্ককে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখলেও খেলার উপযোগী হয়ে ওঠার জন্য সময়সীমা বেধে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। পুরোপুরি সুস্থ হয়ে খেলার উপযোগী হতে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময় পেয়েছেন স্বাগতিকদের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

বিশ্বকাপে ক্লার্কই অস্ট্রেলিয়ার অধিনায়ক

উদ্বোধনী দিন ১৪ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। নিউ জিল্যান্ডের সঙ্গে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ২১ ফেব্রুয়ারি।

ক্লার্ককে অধিনায়ক করে রোববার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল ঘোষণার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ ক্লার্কের বিশ্বকাপ খেলা সম্ভাবনা নিয়ে কথা বলেন।

“আমরা বলেছি যে, মাইকেল যদি ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে আমাদের দ্বিতীয় ম্যাচের মধ্যে সেরে না ওঠে তাহলে দলে তার বদলে অন্য জনকে নেব।”

ক্লার্ক নির্বাচকদের বেধে দেয়া সময়ের মধ্যে সেরে উঠতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মার্শ।

“সে এটা বুঝতে পারছে এবং ফিটনেস ফিরে পেতে চিকিৎসক দলের সঙ্গে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে।”

ক্লার্ককে নিয়ে এমন ঝুঁকি নেয়ার ব্যাখ্যাও দেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক।

“সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং এরকম একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমরা তাকে ফিটনেসের প্রমাণ দেয়ার জন্য সব সুযোগই দিতে চেয়েছি।”

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্লার্ক। সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি। এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
ক্লার্ক নিজেও সুস্থ হয়ে বিশ্বকাপ খেলতে মরিয়াভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান।

“এটা নির্বাচকদের ওপর নির্ভর করে। তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং এই কারণেই আমার মনোযোগ হচ্ছে টেস্ট অথবা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে খেলার জন্য পুরো ফিট হওয়া।”

ক্লার্ক সময় মতো সেরে উঠতে না পারলে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। ক্লার্কের সহকারী তাকেই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।