২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দল নিয়ে দক্ষিণ আফ্রিকার জুয়া

প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করতে গিয়ে যেন একটা জুয়াই খেলল দক্ষিণ আফ্রিকা। চোট আক্রান্ত দুই খেলোয়াড় কুইন্টন ডি কক এবং জেপি ডুমিনিকে নিয়ে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 01:51 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

গোড়ালির লিগামেন্টের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ডি কক। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়ে তিন মাসের জন্য দল থেকে ছিটকে পড়েন ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্টের আগেই সুস্থ হয়ে উঠতে এক মাসের মতো সময় পাবেন ডি কক।

বুধবার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিনিগো আশা প্রকাশ করেন, বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের আগেই ডি কক সুস্থ হয়ে উঠবেন। ১৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে ম্যাচটি খেলবে তারা।

বাঁ-হাতি ব্যাটসম্যান ডুমিনি অনেক দিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন। এই কারণে ক্যারিবীয়দের বিপক্ষে তিন টেস্টের সিরিজে খেলতে পারেননি তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পাঁচ ওয়ানডে সিরিজে ডুমিনির ফেরার আশা করছে দেশটির নির্বাচকেরা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স।

ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘বি’ গ্রুপে খেলবে- বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কাইল অ্যাবট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ভার্নন ফিল্যান্ডার, রিলি রুশো, ডেল স্টেইন।