শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে মালিঙ্গা
বর্তমানে লাসিথ মালিঙ্গা খেলার মতো পুরোপুরি সুস্থ না হলেও তাকে নিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচকরা। তবে শেষ পর্যন্ত এই পেসারের বিশ্বকাপে খেলা না খেলা নির্ভর করছে সম্পূর্ণভাবে তার চোট কাটিয়ে ওঠার ওপর।
বুধবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে শ্রীলঙ্কা।
গত সেপ্টেম্বরে মালিঙ্গার গোড়ালির গাটে অস্ত্রোপচার করানো হয়। সেকারণে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের দলেও আছেন ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে ৪ উইকেট পাওয়ার কৃতিত্ব গড়া মালিঙ্গা। তবে এই সিরিজেও এই পেসারের খেলা নির্ভর করছে চোট থেকে সেরে ওঠার ওপর।
এই মাসের শেষের দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দেয়া দলটিই প্রায় অপরিবর্তিত রেখেছে নির্বাচকরা। ওই দল থেকে একমাত্র পেসার সামিন্দা এরাঙ্গাই বিশ্বকাপের দলে সুযোগ পাননি।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন বাঁ-হাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে।
বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা। ‘এ’ পুলে অন্য পাঁচটি দল হলো, দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং স্কটল্যান্ড।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), জীবন মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, ধাম্মিকা প্রসাদ, শাচিত্রা সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ।
