উইলিয়ামসন-ওয়াটলিং জুটিতে বিশ্বরেকর্ড
ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে বিশ্বরেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং। টেস্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এখন এই দুই জনের অধিকারে।
উইলিয়ামস ও ওয়াটলিংয়ের দৃঢ়তায় ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কাকে ৩৯০ রানের বড় লক্ষ্য দেয় নিউ জিল্যান্ড।
বেসিন রিজার্ভে ১৫৯ রানে ৫ উইকেট হারানো নিউ জিল্যান্ডকে সোয়া পাচশ’ রান পর্যন্ত এগিয়ে নেয়ার কৃতিত্ব উইলিয়ামসন ও ওয়াটলিংয়ের। তাদের অবিচ্ছিন্ন ৩৬৫ রানের সুবাদে ৫ উইকেটে ৫২৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
টেস্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের আগের জুটিতেও ছিলেন ওয়াটলিং। গত বছর ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ভারতের বিপক্ষে ৩৫২ রানের সেই জুটি গড়েছিলেন তিনি।
ওয়াটলিং-ম্যাককালাম ভাঙেন ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও প্রসন্ন জয়াবর্ধনের ৩৫১ রানের রেকর্ড।
তৃতীয় দিন শেষে উইলিয়ামসন ৮০ ও ওয়াটলিং ৪৮ রানে অপরাজিত ছিলেন। এই সময়ে তারা গড়েছিলেন ৯৪ রানের জুটি। মঙ্গলবার সেই জুটিতে আরো ২৭১ রান যোগ করেন তারা।
ইনিংস ঘোষণা করার সময় উইলিয়ামসন ২৪২ ও ওয়াটলিং ১৪২ রানে অপরাজিত ছিলেন।
