শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য
কেন উইলিয়ামসনের দ্বিশতক ও বিজে ওয়াটলিংযের শতকে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড।
মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। জয়ের জন্য শেষ দিন আরো ৩৪৫ রান করতে হবে অতিথিদের।
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ ড্র করতে এই টেস্টে জিততেই হবে শ্রীলঙ্কাকে।
শেষ ঘণ্টায় ৩৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিমুথ করুনারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। ২০ রানে উইকেটে থাকা কৌশল সিলভার সঙ্গে যোগ দিয়েছেন ‘নাইট ওয়াচম্যান’ ধাম্মিকা প্রসাদ।
এর আগে বেসিন রিজার্ভে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন ও ওয়াটলিংয়ের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে আরো ২৭১ রান যোগ করে স্বাগতিকরা।
৫ উইকেটে ৫২৪ রানে নিউ জিল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় উইলিয়ামস ২৪২ ও ওয়াটলিং ১৪২ রানে অপরাজিত ছিলেন।
এটি তার প্রথম দ্বিশতক। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮ রানের জন্য দ্বিশতক পাননি তিনি। সেই ম্যাচের ১৯২ ছিল তার সর্বোচ্চ রান।
উইলিয়ামসনের ৪৩৮ বলের ইনিংসটি ১৮টি চার সমৃদ্ধ।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওয়াটলিংও। তার আগের সর্বোচ্চ ছিল ১২৪ রান। চতুর্থ শতক পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৩৩৩ বলের ইনিংসটি ৯টি চার ও ১টি ছক্কায় গড়া।
অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আগের দিনের ৯৪ রানকে এই দিন ৩৬৫ পর্যন্ত এগিয়ে নেন উইলিয়ামস ও ওয়াটলিং। টেস্টে ষষ্ঠ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।
আগের সর্বোচ্চ জুটিতেও ছিলেন ওয়াটলিং, সেবার তার সঙ্গী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। গত বছর ভারতের বিপক্ষে ৩৫২ রানের জুটি গড়ে তারা ভেঙেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও প্রসন্ন জয়াবর্ধনের ৩৫১ রানের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড:
প্রথম ইনিংস: ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯)।
দ্বিতীয় ইনিংস: ১৭২ ওভারে ৫২৪/৫ (ইনিংস ঘোষণা) (ল্যাথাম ৩৫, রাদারফোর্ড ৪০, উইলিয়ামসন ২৪২*, টেইলর ০, ম্যাককালাম ২২, নিশাম ১৯, ওয়াটলিং ১৪২*; প্রদিপ ৩/১১৭, প্রসাদ ১/১০২, হেরাথ ১/১৫৪)।
শ্রীলঙ্কা:
প্রথম ইনিংস: ৩৫৬ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ২০৩, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬, চান্দিমাল ৬৭, প্রসাদ ১১, হেরাথ ১৫, লাকমাল ৫, প্রদিপ ০*; নিশাম ৩/৪২, ব্রেসওয়েল ৩/৯৩, বোল্ট ২/৭৫, ক্রেইগ ১/৫৫, সাউদি ১/৮৭)
দ্বিতীয় ইনিংস: ১৭ ওভারে ৪৫/১ (করুনারত্নে ১৭, সিলভা ২০*, প্রসাদ ১*; ক্রেইগ ১/২)।
