২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসনের ব্যাটে জবাব নিউ জিল্যান্ডের

কেন উইলিয়ামসন আর বিজে ওয়াটলিংয়ের ব্যাটে শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে নিউ জিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের চেয়ে ১১৮ রানে এগিয়ে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 02:02 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

ওয়েলিংটনে তৃতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৩ রান তোলে। উইলিয়ামসন ৮০ রান নিয়ে উইকেটে আছেন। তার সঙ্গী ওয়াটলিংয়ের রান ৪৮।

এর আগে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে কুমার সাঙ্গাকারার দ্বিশতকে ৩৫৬ রান করে শ্রীলঙ্কা।

বেসিন রিজার্ভে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয় নিউ জিল্যান্ডের। বিনা উইকেটে ২২ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে প্রথম উইকেট তারা হারায় ৭৫ রানে। ৪০ রান করে আউট হয়ে যান হামিশ রাদারফোর্ড।

৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বড় একটা ধাক্কাই খায় স্বাগতিকদের ইনিংস। বিনা উইকেটে ৭৫ রান থেকে নিউ জিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭৯ রান। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইলিয়ামসন।

চতুর্থ উইকেটে ম্যাককালামের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক করা এই ব্যাটসম্যান এরপর জেমস নিশামের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন।

ম্যাককালাম ও নিশাম আউট হয়ে যাওয়ার পর জুটি গড়েন উইলিয়ামসন ও ওয়াটলিং। স্বাগতিকদের সিরিজ জয়ের স্বপ্ন এখন ওই জুটির ওপরই বেঁচে আছে। ষষ্ঠ উইকেট জুটিতে ৯৪ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা।

শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদিপ ৪৮ রানে ৩ উইকেট নেন।

ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ ড্র করতে ওয়েলিংটনে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততেই হবে শ্রীলঙ্কাকে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯) ও ১০১.২ ওভারে ২৫৩/৫(ল্যাথাম ৩৫, রাদারফোর্ড ৪০, উইলিয়ামসন ৮০*, টেইলর ০, ম্যাককালাম ২২, নিশাম ১৯, ওয়াটলিং ৪৮*; প্রদিপ ৩/৪৮, প্রসাদ ১/৫৩, হেরাথ ১/৫৮)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস:
১০২.১ ওভারে ৩৫৬ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ২০৩, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬, চান্দিমাল ৬৭, প্রসাদ ১১, হেরাথ ১৫, লাকমাল ৫, প্রদিপ ০*; নিশাম ৩/৪২, ব্রেসওয়েল ৩/৯৩, বোল্ট ২/৭৫, ক্রেইগ ১/৫৫, সাউদি ১/৮৭)।