ডি ভিলিয়ার্সের শতকে দ. আফ্রিকার বড় সংগ্রহ
এবি ডি ভিলিয়ার্সের শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিন অলআউট হওয়ার আগে ৪২১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
প্রথম ইনিংসে ৩২৯ রান করা ওয়েস্ট ইন্ডিজ এখনো ৪ রানে পিছিয়ে আছে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েছেন লেন্ডল সিমন্স ও মারলন স্যামুয়েলস।
এর আগে মাত্র ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ ও ক্রেইগ ব্রেথওয়েইটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
রোববার ৩ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিন আরো ১৯৪ রান যোগ করে স্বাগতিকরা। যার ১১৬ রানই আসে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।
শুরুতেই অধিনায়ক হাশিম আমলাকে হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিতে থাকেন ডি ভিলিয়ার্স। ষষ্ঠ উইকেটে স্টিয়ান ফান জিলের সঙ্গে ৯৬ রানের জুটি গড়ে দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান তিনি।
এক সময়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৮৪ রান। এরপর মাত্র ৩৭ রানে শেষ ৫ উইকেট হারানোয় ৯২ রানের চেয়ে বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা।
দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১৪৮ রান করেন ডি ভিলিয়ার্স। এটি তার ২১তম টেস্ট শতক। তার ১৯৪ বলের ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কায় গড়া।
ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩২৯ (ব্ল্যাকউড ৫৬, জনসন ৫৪, রামদিন ৫৩; স্টেইন ৪/৭৮, হ্যারমার ৩/৭১) ও ৮৮/২ (ব্রেথওয়েইট ১৬, স্মিথ ৭, জনসন ৩৭*, স্যামুয়েলস ২৬*; মরকেল ১/১০, হ্যারমার ১/২৮)
দক্ষিণ আফ্রিকা: ৪২১ (পিটারসেন ৪২, এলগার ৮, দু প্লেসি ৬৮, আমলা ৬৩, ডি ভিলিয়ার্স ১৪৮, বাভুমা ১৫, ভ্যান জিল ৩৩, ফিল্যান্ডার ০, হ্যারমার ১০, স্টেইন ০, মরকেল ৪*; স্যামুয়েলস ২/৬৮, হোল্ডার ২/৮৭, গ্যাব্রিয়েল ১/৬৪, টেইলর ১/৮০, বেন ১/১১৫)
