২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরের সঙ্গে ‘প্রতিযোগিতা নেই’ সাব্বিরের

বিশ্বকাপে সাত নম্বরে জায়গা পেতে নাসির হোসেনের সঙ্গে লড়াই হবে সাব্বির রহমানের। দুই জন একই জায়গায় খেললেও তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বলে জানিয়েছেন সাব্বির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 11:52 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

“নাসির আর আমার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। এটা ঠিক, দুজনই একই পজিশনে খেলি। কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতার কোনো চিন্তা নেই। কথা বলার সময়ও কখনো এমন চিন্তা আসেনি। নাসির আমার সঙ্গে বিশ্বকাপ খেলছে।”

নাসির হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেললে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাব্বিরের। সাত নম্বরে ভালোই খেলেন এই তরুণ। তাই বিশ্বকাপে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান তিনি।

“বিশ্বকাপে খেলবো ভেবেই ভালো লাগছে। আশা তো প্রত্যেকেই করে। আমিও করেছিলাম। এবার বিশ্বকাপে খেলবো, এটা আমার স্বপ্ন ছিল। জিম্বাবুয়ে সিরিজে ভালো করার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ভালো খেলেন সাব্বির। ৪২১ রান করার সঙ্গে ৯ উইকেটও নেন তিনি।

“প্রিমিয়ার লিগেও বেশ কয়েকটি ম্যাচে ভালো করেছি। সব মিলিয়ে নির্বাচকরা আমার পারফরমেন্স বিবেচনা করেই দলে সুযোগ দিয়েছেন।”

নিউ জিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন সাব্বির। তার বিশ্বাস, সেখানে খেলার অভিজ্ঞতা এবার তার জন্য সহায়ক হবে।

সাত নম্বরে খেলতে হবে বলে নেমেই প্রচুর শট খেলতে হবে, এমন ধারণায় বিশ্বাসী নন সাব্বির। পরিস্থিতি মাথায় রেখে ব্যাটিং করবেন বলে জানান তিনি।

“যখন যেমন ব্যাটিং করা প্রয়োজন সেটা করার চেষ্টা থাকবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই করি না কেন, দলের জন্য কিছু করার চেষ্টা সব সময়ই থাকবে।”