২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপটাউনে ভালো অবস্থায় দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ভালো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ২২৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 10:33 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

এর আগে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এখনও ১০২ রানে পিছিয়ে আছে হাশিম আমলার দল।

বৃষ্টির কারণে শনিবার ৭৮.২ ওভারের বেশি খেলা হয়নি।

কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় দিন সকালে ৬ উইকেটে ২৭৬ রান নিয়ে খেলতে নেমে বেশিক্ষণ ব্যাট করতে পারেনি অতিথিরা। ডেল স্টেইন ও মর্নে মরকেলের দাপটে ৯.৫ ওভারে দলীয় স্কোরে ৫৩ রান যোগ করতে বাকি ৪ উইকেট উইকেট হারায় তারা। ২টি করে উইকেট নেন স্বাগতিকদের এই দুই পেসার।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জারমেইন ব্ল্যাকউড এ দিন ১১ রানের বেশি করতে পারেননি; দলীয় সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। তার ১১৩ বলের ইনিংসটি ৬টি চার সমৃদ্ধ।

দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডেল স্টেইন ৭৮ রানে মোট ৪ উইকেট নেন।

জবাবে ডিন এলগার মাত্র ৮ রান করলেও আলভিরো পিটারসেনের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

পিটারসেন ৪২ আর ফাফ দু প্লেসি ৬৮ রান করেন।

নিয়মিত বিরতিতে স্বাগতিকরা আরও দুটি উইকেট হারালেও অধিনায়ক আমলা ও এবি ডি ভিলিয়ার্স ৭০ রানের জুটি গড়ে দিনের শেষটা নিজেদের করে নেন।

আমলা ৫৫ এবং ডি ভিলিয়ার্স ৩২ রানে অপরাজিত আছেন।

তিন টেস্টের সিরিজের দুই ম্যাচ শেষে ১-০এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ইনিংস ও ২২০ রানে জিতেছিল তারা। আর দ্বিতীয় টেস্টটি ড্র হয়।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩২৯ (ব্রেথওয়েইট ৭, স্মিথ ৪৭, জনসন ৫৪, স্যামুয়েলস ৪৩, চন্দরপল ৯, ব্ল্যাকউড ৫৬, রামদিন ৫৩, হোল্ডার ২৩, টেইলর ১৩, বেন ৫, গ্যাব্রিয়েল ৪*; স্টেইন ৪/৭৮, হ্যারমার ৩/৭১, মরকেল ২/৮৩, ফান জিল ১/১৩)

দক্ষিণ আফ্রিকা: ২২৭/৩ (পিটারসেন ৪২, এলগার ৮, দু প্লেসি ৬৮, আমলা ৫৫*, ডি ভিলিয়ার্স ৩২*; হোল্ডার ১/৪৬, বেন ১/৬২)