বোলারদের খাটতে হবে বিশ্বকাপে: সাকিব
বিশ্বকাপে ভালো করতে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের অনেক বেশি পরিশ্রম করতে হবে বলে মনে করছেন সাকিব আল হাসান।
শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাকিব বলেন, “বিশ্বকাপের উইকেট আইসিসির তত্ত্বাবধানে হবে। আমার মনে হয়, সেখানে ব্যাটিং সহায়ক উইকেটই হবে। এই ধরণের উইকেটে ব্যাটসম্যানরা ভালো করবে কিন্তু সাফল্য পেতে বোলারদের অনেক কষ্ট করতে হবে।”
গতবারও বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব। তাই অস্ট্রেলিয়ার উইকেট সম্পর্কে ভালো ধারণাই আছে তার। বিশ্বকাপে তাই মানিয়ে নেয়া খুব কঠিন হবে বলে মনে করেন না তিনি।
“অবশ্যই কন্ডিশন আমাদের জন্য অচেনা। তবে আমরা যাব দুই সপ্তাহ আগে। মনে হয় না, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া খুব কঠিন হবে।”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আর এক রাউন্ডের খেলা বাকি আছে। এরপর মেলবোর্ন রেনেগেইডসের হয়ে বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় যাবেন সাকিব।
এখনো বিশ্বকাপের জন্য কোনো পরিকল্পনা করেননি তিনি। আপাতত বিগ ব্যাশে ভালো করাই তার লক্ষ্য।
“বিগ ব্যাশে ভালো করলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করা যাবে। দলের জয়ে যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করবো।”
বিশ্বকাপে এখনো বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের শতক নেই। মনের গহীনে সেই অপূর্ণতা ঘুচানোর স্বপ্ন ঠিকই দেখেন সাকিব। তবে তার কাছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দলের জয়ে অবদান রাখা।
“শতক করতে পারলে তো অবশ্যই অনেক বড় একটা অর্জন হবে। তবে একশ’ রান বা পাঁচ উইকেট নেয়ার চেয়েও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হল দলের জয়ে অবদান রাখা।”
