২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর ব্যাটে শিরোপা স্বপ্ন প্রাইম ব্যাংকের

সৌম্য সরকারের ব্যাটে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়েছে প্রাইম ব্যাংক। আর এই জয়ে শিরোপা স্বপ্ন উজ্জ্বল হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবটির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রাইম ব্যাংকের জয়টি ৬ উইকেটে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি ৪৫ ওভারে নামিয়ে আনা হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে কলাবাগান ক্রিকেট একাডেমি। ২৩ ওভারের মধ্যে ৬৬ রানে ৪ উইকেট হারায় তারা।

মাহামুদুল হাসান, সাব্বির রুম্মান, মেহেদি হাসান ও নাজমুল হোসেনের ব্যাটে চূড়ান্ত বিপদ থেকে রক্ষা পায় কলাবাগান ক্রিকেট একাডেমি। তবে এই চারজনের কেউই বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলতে পারে তারা।

দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মাহামুদুল। মেহেদি হাসান করেন ৩১ রান। নাজমুল ২৮ ও রুম্মান ২৫ রান করেন।

প্রাইম ব্যাংকের পক্ষে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এনামুল হক জুনিয়র। একটি করে উইকেট পান সৈকত আলী ও ফরহাদ রেজা।

লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য আর সৈকতের ব্যাটে জয়ের ভিত তৈরি হয় প্রাইম ব্যাংকের। ৬৯ বলে ৮টি চারে ৬১ রান করেন সৌম্য। আর সৈকত ৮০ বলে ৪টি চারের সাহায্যে করেন ৪৯ রান।

এরপর শুভাগত হোম আর মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন থিলিনা কান্দাম্বি ও তৈয়েবুর পারভেজ। ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ করে প্রাইম ব্যাংক।

এই জয়ের পর শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হলো প্রাইম ব্যাংকের। সুপার সিক্সের দুই রাউন্ড বাকি থাকতে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে প্রাইম ব্যাংক।

দিনের অন্য ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ৫ উইকেটে হেরেছে আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে এই দুই দলও টিকে আছে শিরোপা লড়াইয়ে।