শিরোপা স্বপ্ন শেষ মোহামেডানের
নাঈম ইসলামের অলরাউন্ড নৈপুণ্যেও সুপার লিগে টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি মোহামেডান। কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে ৬৩ রানে হেরে শিরোপা লড়াই থেকে বিদায় নিয়েছে দলটি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে প্রথম জয় পাওয়া কলাবাগানের পয়েন্ট ১৬। আর মোহামেডানের পয়েন্ট ১৪।
২০ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে রয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। ১৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে প্রাইম দোলেশ্বর।
শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ২০০ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।
সর্বোচ্চ ৫৬ রান করেন ইমতিয়াজ হোসেন। তার ৪৬ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্বা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মেহেদী হাসান।
ইমতিয়াজের সঙ্গে ৭৪ রানের জুটি উপহার দেয়া ইরফান শুকুরের ব্যাট থেকে আসে ৩২ রান।
মোহামেডানের নাঈম (৩/৩০) ও রাহাতুল ফেরদৌস (৩/৩৫) তিনটি করে উইকেট নেন।
জবাবে নাবিলের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৪১ ওভার ২ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।
সর্বোচ্চ ৫৬ রান করেন নাঈম। দলের আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটসম্যান অমিত কুমার।
ম্যাচ সেরা নাবিল মাত্র ১০ রানে নেন ৪ উইকেট। এছাড়া মাহমুদুল হাসান ৩ উইকেট নেন ২১ রানে।
